নভেম্বর ২২, ২০২৫, ১০:০৬ পিএম
পঞ্চগড়ের আটোয়ারীতে প্রতিরক্ষা অবসরপ্রাপ্ত সৈনিক সেবা সংঘের আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিন বাহিনীর সম্মিলিত আক্রমণ শুরুর ঐতিহাসিক দিনটিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে কর্মসূচির শুরুতে সংগঠনটির কার্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ও সশস্ত্র বাহিনী পতাকা উত্তোলন করা হয়।
পরে সশস্ত্র বাহিনী দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সংগঠনটির সভাপতি ও অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার বীর মুক্তিযোদ্ধা মো. তমিজ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত।
এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বোর্ডের অন্যতম সদস্য ও উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ)।সংগঠনের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. মোস্তফা কামাল সরকার (ফারুক) অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অন্যান্যদের মধ্যে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল মো. আব্দুল আলী (সাকি), হিসাব রক্ষক অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল নিত্যানন্দ বর্মনসহ অন্যান্য অবসরপ্রাপ্ত সৈনিকরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর এই দিনে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা এবং ভারতীয় মিত্র বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমণের সূচনা করে। এই সমন্বিত অভিযানের ফলশ্রুতিতেই মহান মুক্তিযুদ্ধে বাঙ্গালীর বিজয় অর্জন হয় এবং বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের আত্মপ্রকাশ ঘটে।তারা বলেন, ২১ নভেম্বর শুধু একটি আনুষ্ঠানিক স্মরণ নয়, এটি বীরত্ব, আত্মত্যাগ, সম্মান ও স্বাধীনতার প্রতীক। এটি সেই দিন— যেদিন প্রথমবারের মতো বাংলাদেশের স্থল, নৌ ও বিমান বাহিনী একত্রে মুক্তিযুদ্ধে সংগঠিত আক্রমণ পরিচালনা করেছিল।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন