নভেম্বর ১১, ২০২৬, ১২:৩৩ পিএম
ত্রিশ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শিল্পাঞ্চল আশুলিয়ায় আজও সড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এখন পর্যন্ত পনেরোটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বুধবার সকালে প্রতিদিনের মতো শ্রমিকরা নিজ নিজ কারখানার উদ্দেশ্যে রওনা হন। তবে শারমিন গ্রুপ, নেক্সট কালেকশন ও ইয়াগি বাংলাদেশ লিমিটেডসহ বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার নিচেই অবস্থান নেন। এর কিছুক্ষণ পর কারখানাগুলোর পক্ষ থেকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
পুলিশ জানিয়েছে, সকালে বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণার পর শ্রমিকরা বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বেরন ছয়তলা এলাকায় জমায়েত হন। তারা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় শ্রমিকদের মধ্য থেকে শিল্প পুলিশ-ওয়ানের এপিসির ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যরা টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। এরপর তারা আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ সদস্যরাও অলিগলিতে প্রবেশ করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন।
বর্তমানে শিল্পাঞ্চলের বিভিন্ন অলিগলিতে শ্রমিকরা অবস্থান করছেন। এই ঘটনার জেরে পুরো শিল্পাঞ্চলজুড়ে থমথমে ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন