বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

চার হাজার কোটি রুপি বাজেটের রামায়ণ সিনেমা ঘিরে বিশাল বাণিজ্যিক পরিকল্পনা

বিনোদন ডেস্ক

নভেম্বর ১১, ২০২৬, ১১:৪১ এএম

চার হাজার কোটি রুপি বাজেটের রামায়ণ সিনেমা ঘিরে বিশাল বাণিজ্যিক পরিকল্পনা

রামায়ণ সিনেমার দৃশ্য

বলিউডের আলোচিত ও বহুল প্রতীক্ষিত সিনেমা রামায়ণ নির্মাণে বিশাল অঙ্কের বিনিয়োগ করেছেন প্রযোজক নমিত মালহোত্রা। তবে এই বিনিয়োগের অর্থ শুধু সিনেমার টিকিট বিক্রির আয়ের ওপর নির্ভর করে তুলতে চান না তিনি। বরং এই মহাকাব্যকে কেন্দ্র করে একটি বিশাল বাণিজ্যিক ও বিনোদনজগৎ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তাদের। যেখানে ভিডিও গেম, খেলনা, পোশাক, থিম পার্ক ও টেলিভিশন সিরিজ থেকে শুরু করে ভার্চ্যুয়াল রিয়েলিটির মতো নানা আয়োজন যুক্ত থাকবে।

দুই পর্বে নির্মিত নীতেশ তিওয়ারি পরিচালিত রামায়ণের প্রথম কিস্তি মুক্তি পেয়েছে গত ৫ নভেম্বর। চার হাজার কোটি রুপি বাজেটে নির্মিত এই সিনেমাটির প্রথম পর্ব মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মুক্তির মাত্র পাঁচ দিনে সিনেমাটি বিশ্বজুড়ে ৬৬৪ কোটি রুপি আয় করেছে। তবে এটিকে কেবল একটি সাধারণ চলচ্চিত্র হিসেবে দেখতে নারাজ নির্মাতারা।

আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রযোজক নমিত মালহোত্রা জানান, সিনেমাটি থেকে ঠিক কত আয় হলো, শুধু সেই হিসাবের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতে চান না তিনি। তার মতে, সিনেমা থেকে প্রত্যাশিত আয় না এলে পণ্য বিক্রি, থিম পার্ক কিংবা অন্য কোনো বাণিজ্যিক উদ্যোগের মাধ্যমে বিনিয়োগের অর্থ তুলে নেওয়ার পর্যাপ্ত সুযোগ রয়েছে। তার বিশ্বাস, গল্পটি যথাযথভাবে পর্দায় তুলে ধরতে পারলে আর্থিক সফলতাও আসবে।

হায়দরাবাদে সিনেমাটির তেলুগু সংস্করণের মুক্তিপূর্ব অনুষ্ঠানেও একই কথা জানান নমিত মালহোত্রা। তিনি জানান, রামায়ণকে শুধু একটি সিনেমা হিসেবে ভাবেননি তারা। প্রজন্মের পর প্রজন্ম ধরে পরিচিত এই মহাকাব্যকে ঘিরে দীর্ঘমেয়াদি বিনোদনজগৎ গড়ে তোলার মাধ্যমে রামের যাত্রা কেবল শুরু করতে চান তারা। ভবিষ্যতে দর্শকদের নানাভাবে যুক্ত রাখার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।

এই দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ভিডিও গেম, পোশাক, খেলনা, গ্যাজেট ও ঘর সাজানোর সামগ্রী বাজারে আনার প্রস্তুতি চলছে। পাশাপাশি তৈরি হবে টেলিভিশন স্পিন-অফ, চরিত্রভিত্তিক সিনেমা ও অ্যানিমেশন। দর্শকদের বিনোদনের জন্য থিম পার্ক, ব্রডওয়ে মিউজিক্যাল এবং ভার্চ্যুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি ও মেটাভার্সভিত্তিক অভিজ্ঞতার আয়োজনও রাখা হয়েছে।

উল্লেখ্য, রামায়ণ চলচ্চিত্রে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের চরিত্রে যশ। এ ছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রবি দুবে, লারা দত্ত ও অরুণ গোভিল। দুই পর্বের এই মহাকাব্যিক সিনেমার দ্বিতীয় কিস্তি ২০২৮ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।