নভেম্বর ১১, ২০২৬, ১১:০৯ এএম
নিরাপত্তা ঝুঁকি ও কনস্যুলার সহায়তা প্রদানে সীমাবদ্ধতার কথা উল্লেখ করে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ছয়টি দেশে ভ্রমণের বিষয়ে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। দেশগুলো হলো ইরান, ইরাক, লেবানন, লিবিয়া, সিরিয়া ও ইয়েমেন। স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি এবং সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থানরত মার্কিন নাগরিকদের সহায়তা দেওয়ার সীমিত সক্ষমতার ভিত্তিতে এই সতর্কতা জারি করা হয়।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, দেশ ছয়টি এখনও সর্বোচ্চ সতর্কতা লেভেল-ফোরের আওতায় রয়েছে। এ সতর্কতার অর্থ হলো, কোনো কারণেই এসব দেশে ভ্রমণ করা উচিত নয়। পররাষ্ট্র দপ্তর আরও স্পষ্টভাবে বলেছে যে এসব স্থান অত্যন্ত বিপজ্জনক এবং সেখানে কোনো কারণেই যেন কেউ না যান।
উল্লেখ্য, লেভেল-ফোর সতর্কতা হলো যুক্তরাষ্ট্রের ভ্রমণবিষয়ক নির্দেশনার সর্বোচ্চ স্তর। এই সতর্কতা জারি করা হলে মার্কিন নাগরিকদের সংশ্লিষ্ট দেশগুলোতে ভ্রমণ থেকে সম্পূর্ণ বিরত থাকার জোরালো পরামর্শ দেওয়া হয়। নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং কনস্যুলার সেবা প্রদানে চরম সীমাবদ্ধতার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইরান, ইরাক, লেবানন, লিবিয়া, সিরিয়া ও ইয়েমেন ছাড়াও বর্তমানে বিশ্বের আরও বেশ কিছু দেশ যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ভ্রমণ সতর্কতার তালিকায় রয়েছে। এর মধ্যে আফগানিস্তান, রাশিয়া, ইউক্রেন, সুদান ও দক্ষিণ সুদানসহ বর্তমানে বিশ্বের মোট ২৩টি দেশ যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ভ্রমণ সতর্কতার আওতায় রয়েছে বলে জানানো হয়েছে।
তথ্যসূত্র: আল জাজিরা

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন