নভেম্বর ১১, ২০২৬, ১০:০৯ এএম
বাংলাদেশ ও শ্রীলঙ্কা ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা, তবে সেই দ্বৈরথ এবার ফুটবলেও দেখার অপেক্ষায় রয়েছে সবাই। সাফ চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কিংস অ্যারেনার অনুশীলনে এসে সাংবাদিকদের মুখোমুখি হন শ্রীলঙ্কার কুয়েতি কোচ আবদুল্লাহ আল মুতাইরি। ১২ মিনিটের সংবাদ সম্মেলনে রসিকতা, প্রতিপক্ষকে খোঁচা আর দক্ষিণ এশিয়ার ফুটবল নিয়ে আবেগময় বক্তব্যে সবাইকে মাতিয়ে রাখেন তিনি।
সংবাদ সম্মেলনে নিজের রসিক স্বভাব বজায় রেখে বাংলাদেশের সংবাদমাধ্যমকে নিয়েও ঠাট্টা করেন মুতাইরি। তিনি বলেন, আমি যদি আমার স্ত্রীকে বলি কোনো কথা গোপন রাখতে, তবে তার পরিবারের সবাই জেনে যায়। বাংলাদেশের সংবাদমাধ্যমও সে রকম, এখানে কিছু গোপন থাকে না। ৪৫ বছর বয়সী এই কোচ সংবাদ সম্মেলনে এসে প্রথমেই জানিয়ে দেন, তিনি কেবল সাংবাদিকদের করা নির্দিষ্ট তিনটি প্রশ্নের উত্তর দেবেন।
ক্রিকেটে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ম্যাচের প্রসঙ্গ এবং নাগিন নাচ কিংবা মাঠের উত্তেজনার কথা উঠলে লঙ্কান কোচ জানান, ম্যাচ শেষে প্রতিপক্ষের সামনে গিয়ে বাড়তি উদযাপনের কোনো প্রয়োজন নেই। ক্রিকেটের কারণে দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে এমনিতেই অনেক সমস্যা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। পাকিস্তানের অধিনায়কের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, আমরা ফুটবল খেলি, ক্রিকেট নয় এবং মাঠে ভালোবাসা তৈরি করতে হবে।
ফুটবলে ফেভারিট বাংলাদেশকে হারাতে পারলে কেমন উদযাপিত হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মজার ছলে মুতাইরি জানিয়ে দেন, হামজা চৌধুরীদের হারাতে পারলে বলিউড তারকা অক্ষয় কুমারের মতো নাচতে পারেন তিনি। প্রতিযোগিতা উপভোগ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিযোগিতা একটু পাগলামি ও উত্তেজনা থাকা দরকার, তবে খেলা শেষে সবাইকে প্রতিপক্ষকে সম্মান জানাতে হবে।
রাত আটটায় জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এর আগেই সেমিফাইনাল নিশ্চিত করায় বাংলাদেশের জন্য ম্যাচটি গ্রুপ সেরা হওয়ার লড়াই। অন্যদিকে শ্রীলঙ্কার জন্য ম্যাচটি অত্যন্ত কঠিন, কারণ এই ম্যাচে হারলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হতে পারে তাদের। ড্র করলেও গোল ব্যবধানে সেমিফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে লঙ্কানদের সামনে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন