বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

নেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিলের উদ্যোগ নিলেন ইসরাইলের আইজেনকোট

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ১১, ২০২৬, ১০:৪৯ এএম

নেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিলের উদ্যোগ নিলেন ইসরাইলের আইজেনকোট

গাদি আইজেনকোট। ছবি: সংগৃহীত

ইসরাইলের নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকোট বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বেশ কিছু নীতি পরিবর্তনের অঙ্গীকার করেছেন। মঙ্গলবার নতুন পার্লামেন্ট নেসেটের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। সাবেক এই সেনাপ্রধানের সামনে সরকার গঠনের জন্য ছয় সপ্তাহ সময় রয়েছে এবং সফল হলে ইসরাইলের দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর শাসনের অবসান ঘটবে। পার্লামেন্টে নেতানিয়াহুবিরোধী দলগুলোর সংখ্যাগরিষ্ঠতা থাকায় নতুন সরকার গঠনের আগেই তারা আইন প্রণয়নের উদ্যোগ নিতে শুরু করেছে।

নতুন সরকার গঠনের আগেই একাধিক আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে আইজেনকোটের জোট। প্রস্তাবিত বিলগুলোর মধ্যে রয়েছে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা তদন্তে সরকারি কমিশন গঠন, প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ এবং বিচার বিভাগের ক্ষমতা খর্ব করে নেতানিয়াহু সরকারের নেওয়া সংস্কার বাতিল করা। নেতানিয়াহুবিরোধী জোট বর্তমান পার্লামেন্ট স্পিকার আমির ওহানাকে সরিয়ে নতুন স্পিকার নিয়োগের প্রক্রিয়াও শুরু করেছে। এ পদে তারা আইজেনকোটের দল ইয়াশারের জ্যেষ্ঠ নেতা মাতান কাহানাকে মনোনীত করেছে। পার্লামেন্টে কোন বিল আলোচনার জন্য উত্থাপিত হবে, তা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন স্পিকার। ফলে নতুন স্পিকার নিয়োগের মাধ্যমে বিরোধী জোট তাদের আইন প্রণয়নের পরিকল্পনা এগিয়ে নিতে পারবে।

আইজেনকোটের দল ইয়াশার এবং ইয়াইর গোলানের নেতৃত্বাধীন ডেমোক্র্যাটস পার্টি জানিয়েছে, তারা নেতানিয়াহু সরকারের পাশ করা বেশ কয়েকটি বিতর্কিত আইন বাতিলের প্রস্তাব দিয়েছে। এর মধ্যে রয়েছে অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা খর্ব করা, বিচারক নিয়োগ কমিটির কাঠামো পরিবর্তন এবং যোগাযোগমন্ত্রী শ্লোমো কারহির গণমাধ্যম সংস্কার আইন। এ ছাড়া প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে অক্ষমতা ঘোষণার নিয়মসংক্রান্ত আইনে আগের সরকারের আনা সংশোধনী বাতিলের প্রস্তাব দিয়েছে ইয়াশার। অন্যদিকে, ডেমোক্র্যাটস পার্টি ফৌজদারি অভিযোগের মুখে থাকা ব্যক্তিদের সরকারি পদে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাব করেছে।

পাশাপাশি পুলিশের অভ্যন্তরীণ তদন্ত বিভাগের নিয়ন্ত্রণ আইনমন্ত্রীর হাতে দেওয়ার প্রস্তাবও জমা দিয়েছে ইয়াশার। ডেমোক্র্যাটস পার্টির অন্যান্য প্রস্তাবের মধ্যে রয়েছে শনিবার ইহুদিদের ধর্মীয় ছুটির দিন শাবাতে গণপরিবহন চালু, বেসামরিক বিয়ের অনুমতি, অতি-রক্ষণশীল ইহুদি সম্প্রদায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবস্থান নিয়ন্ত্রণ, মৌলিক আইনে সমতার অধিকার অন্তর্ভুক্ত করা এবং এলজিবিটিকিউ জনগোষ্ঠীর অধিকার সম্প্রসারণ। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনা তদন্তে রাষ্ট্রীয় কমিশন গঠনের বিরোধিতা করে আসছেন নেতানিয়াহু। তার দাবি, সুপ্রিম কোর্টের নিয়োগ দেওয়া স্বাধীন তদন্ত কমিশন সরকারের প্রতি পক্ষপাতদুষ্ট হতে পারে। তবে বিরোধী দলগুলোর অভিযোগ, ওই হামলার নিরাপত্তা ব্যর্থতার দায় এড়াতেই কমিশন গঠনে বাধা দিচ্ছেন নেতানিয়াহু।

এদিকে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি আইজেনকোট। তবে এ ক্ষেত্রে দলগুলোকে ইসরাইলের ইহুদি রাষ্ট্রীয় পরিচয় মেনে নেওয়া এবং হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকার করার শর্ত দিয়েছেন তিনি। নেতানিয়াহু আরব রাজনীতিকদের সঙ্গে জোট গঠনের বিরোধিতা করে তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার বক্তব্যকে বিভেদমূলক ও বিদ্বেষপূর্ণ আখ্যা দিয়ে আইজেনকোট বলেছেন, নেতানিয়াহু আর এক মিনিটও ক্ষমতায় থাকার যোগ্য নন। এ বক্তব্যের পর নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে নির্ধারিত বৈঠকও বাতিল করেন তিনি। নতুন পার্লামেন্টের শপথের পরও নেতানিয়াহু ও তার মন্ত্রিসভা ক্ষমতায় থাকছেন এবং নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তিনি তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।