নভেম্বর ২০, ২০২৬, ০৬:০৮ পিএম
নিজেদের মাঠে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ আয়োজন করে কোস্টারিকাকে ৬-২ ব্যবধানে হারিয়েছে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ। প্রায় ৩ হাজার ৮০০ মানুষের বসতি এই দ্বীপপুঞ্জই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সবচেয়ে ছোট সদস্য দেশ।
আট ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম দিনেই স্বাগতিকরা তাড়া করে জেতে।
কোস্টারিকার বিপক্ষে সিরিজের প্রথম দিনেই ১১২ ও ১৪৪ রানের লক্ষ্য সহজে ছুঁয়ে জয়ের দেখা পায় ফকল্যান্ড।
বৈরী আবহাওয়া ও যাতায়াত সীমাবদ্ধতা পেরিয়ে এই আয়োজন সম্পন্ন করা ছিল বড় চ্যালেঞ্জ। ফকল্যান্ডে সপ্তাহে মাত্র একটি বাণিজ্যিক ফ্লাইট চলাচল করে, সেটি চিলির সান্তিয়াগো থেকে। আবহাওয়াও সব সময় ক্রিকেটের অনুকূলে থাকে না। সাধারণত অক্টোবরের শেষ থেকে মার্চ, কখনো এপ্রিল পর্যন্ত বাইরে ক্রিকেট খেলার সুযোগ মেলে। এরপর তাপমাত্রা শূন্যের নিচে নেমে যায় এবং তুষারপাতের আশঙ্কা তৈরি হয়।
দ্বীপপুঞ্জের অধিনায়ক, কোচ ও ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব সিসিল আলেকজান্ডার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে বলেন, কোনো আয়োজনের পরিকল্পনা করতে এক বছরেরও বেশি সময় লাগে। শুধু ফ্লাইট নয়, খেলোয়াড়দের ছুটি ও অর্থের ব্যবস্থাসহ নানা বিষয় ভাবতে হয় বলে জানান তিনি। সপ্তাহে মাত্র একটি ফ্লাইট থাকায় কাজটি কঠিন হয়ে ওঠে।
ফকল্যান্ডে ক্রিকেটের ইতিহাস অবশ্য বেশ পুরোনো। ১৯২০ ও ১৯৩০-এর দশকে স্ট্যানলির স্থানীয় দল ও দ্বীপে আসা জাহাজের নাবিকদের মধ্যে ম্যাচ হতো। ২০০১ সালে ফকল্যান্ড আইল্যান্ডস ক্রিকেট অ্যাসোসিয়েশন গঠিত হয়। পৃষ্ঠপোষকতা ও তহবিল সংগ্রহের পর ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সদস্যপদ পায় দ্বীপপুঞ্জটি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন