নভেম্বর ২০, ২০২৬, ০৬:২১ পিএম
শ্রম আদালতে মামলা ১৫০ দিনে নিষ্পত্তির দাবিতে আগামী ২৩ নভেম্বর স্মারকলিপি দেবে চট্টগ্রাম যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্ক। ওইদিন সকাল ১০টায় চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ও শ্রম সচিব বরাবর এই স্মারকলিপি দেওয়া হবে।
শুক্রবার বিকেল ৪টায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় কর্মসূচির এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দীর্ঘদিন ধরে শ্রম আদালতে মামলা ঝুলে থাকায় শ্রমিকরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন বলে জানিয়েছে সংগঠনটি। বিশেষ করে পাওনা আদায়ের জন্য আদালতের দ্বারে দ্বারে ঘুরতে গিয়ে শ্রমিকদের আর্থিক সংকট ও অনিশ্চয়তার মুখোমুখি হতে হচ্ছে।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, শ্রম আদালতের অর্গানোগ্রাম অনুযায়ী পর্যাপ্ত কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিয়ে আদালতের সক্ষমতা বাড়াতে হবে। প্রয়োজনে শ্রম আদালতের সংখ্যাও বৃদ্ধি করতে হবে। পাশাপাশি শ্রম আইনের ২১৬ ধারার বিধান অনুসরণ করে সর্বোচ্চ ১৫০ দিনের মধ্যে শ্রমিকদের দায়ের করা মামলা নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আবু আহমেদ মিয়া এবং সঞ্চালনা করেন সদস্য সচিব হাসিবুর রহমান বিপ্লব। বক্তব্য দেন টিইউসি কেন্দ্রীয় কমিটির সংগঠক ফজলুল কবির মিন্টু, শামসুল ইসলাম আরজু, মাসুদ খান, গোলজার বেগম, জান্নাতুল ফেরদৌস রুবি ও মাসুমা বেগমসহ অন্যরা।
নেতারা বলেন, শ্রমিকের ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব এবং শ্রম আদালতকে কার্যকর, গতিশীল ও শ্রমিকবান্ধব করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখার কথা জানান তাঁরা।
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় শ্রম আদালতের সামনে পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচি পরিবর্তন করে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান নেতারা। কর্মসূচি সফল করতে ২৩ নভেম্বর সকাল ১০টায় চট্টগ্রাম জেলা পরিষদ ভবনের সামনে সংগঠনের সব নেতা-কর্মীকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন