নভেম্বর ২০, ২০২৬, ০৬:০০ পিএম
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে দুই দিনের সরকারি সফরে ভারতে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। মার্চে দায়িত্ব নেওয়ার পর প্রতিবেশী কোনো দেশে এটিই তার প্রথম আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক সফর।
দুই দিনের সফর শেষে ২৩ নভেম্বর দেশে ফিরবেন ৩৬ বছর বয়সী এই সরকারপ্রধান।
পররাষ্ট্র সচিব অমৃত বাহাদুর রাই সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শাহ ৩৪ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। ওই দলে অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে এবং পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল রয়েছেন। প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টা কুমার ব্যঞ্জনকারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাও তার সফরসঙ্গী হবেন। পাশাপাশি একটি ব্যবসায়িক প্রতিনিধি দলও ভারত সফর করবে।
সফরের সময় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন বালেন্দ্র শাহ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার প্রতিনিধি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে। পররাষ্ট্র সচিব জানান, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, এই সফরে দুই দেশের যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণ এবং জ্বালানি সহযোগিতাসংক্রান্ত বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের বিষয়ে আলোচনা হবে। উচ্চপর্যায়ের বৈঠকে বাণিজ্য, ট্রানজিট, জ্বালানি ও বিনিয়োগে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি যোগাযোগ নেটওয়ার্ক ও অবকাঠামো উন্নয়নের বিষয়গুলোও থাকবে।
মন্ত্রণালয় আরও জানায়, দ্বিপাক্ষিক বৈঠক চলাকালে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মহাকাশ, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মানবসম্পদ উন্নয়নের খাতে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। অমৃত বাহাদুর রাই বলেন, এটি অগ্রাধিকারমূলক খাতগুলোতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও বাড়াতে সহায়ক হবে। দুই প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিক নিয়েও আলোচনা করবেন বলে তিনি জানান।
এর আগে সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফর করেছিলেন বালেন্দ্র শাহ।
গত বছরের সেপ্টেম্বরে তরুণ প্রজন্মের আন্দোলনের মুখে কে পি শর্মা ওলির সরকার ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় ছয় মাস পর মার্চ মাসে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির নেতার নেতৃত্বে সরকার গঠন করে নেপাল। নেপালের নবনির্বাচিত প্রধানমন্ত্রীদের প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর হিসেবে ভারতকে বেছে নেওয়ার দীর্ঘদিনের রীতি থাকলেও তা বাধ্যতামূলক নয়। ২০২৪ সালে সাবেক প্রধানমন্ত্রী ওলি এই প্রথা ভেঙে সবার আগে চীন সফর করেছিলেন।
নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা অমৃত বাহাদুর রাই সাংবাদিকদের বলেন, ভারতের সঙ্গে নেপালের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মতে, উভয় দেশের নেতারা বাণিজ্য, ট্রানজিট, বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ ব্যবস্থা এবং অবকাঠামোগত উন্নয়ন জোরদার করার উপায় নিয়ে কথা বলবেন।
বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ভারতের সঙ্গে নেপালের বাণিজ্যিক সম্পর্ক সবচেয়ে বড়। নেপালের মোট আমদানির ৬০ শতাংশের বেশি আসে ভারত থেকে, যার মূল্য ৮ দশমিক ৬ বিলিয়ন ডলার। অন্যদিকে চীনের অবদান ১৩ শতাংশ বা ১ দশমিক ৮ বিলিয়ন ডলার।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন