নভেম্বর ২০, ২০২৬, ০৫:৫২ পিএম
দক্ষতা প্রশিক্ষণ শেষে ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে তুরস্কে পুনর্বাসন করার পরিকল্পনা নিয়েছে মালয়েশিয়া। শুক্রবার ২০ নভেম্বর মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি এ উদ্যোগের কথা জানান।
রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদি সমাধান খুঁজতেই তুরস্কের সঙ্গে এই পরিকল্পনা নেওয়া হয়েছে বলে তিনি জানান।
মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, আশ্রয় দেওয়ার বিষয়ে তুরস্ক সরকার সম্মতি দিয়েছে। এর ফলে শরণার্থীদের সহায়তা ও পুনর্বাসনে বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়বে বলে আশা করছে কুয়ালালামপুর।
পরিকল্পনাটি বাস্তবায়নে তুরস্কের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা এবং অন্যান্য অংশীদার সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে মালয়েশিয়া। পুরো প্রক্রিয়ায় শরণার্থী বাছাই, দক্ষতা প্রশিক্ষণ, প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত এবং পুনর্বাসনের ধাপগুলো সাজানো হবে। সংশ্লিষ্ট শরণার্থীদের সম্মতি ও আন্তর্জাতিক নিয়মকানুন মেনেই সবকিছু সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে।
এর আগের দিন বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালত জানায়, ২০১৭ সালে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হাতে রোহিঙ্গাদের হত্যা ও ব্যাপক যৌন সহিংসতার ঘটনা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সংঘটিত গণহত্যার শামিল।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে উত্তেজনা বাড়তে থাকায় রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর চাপও রয়েছে মালয়েশিয়ার ওপর।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার হিসাব অনুসারে, গত ফেব্রুয়ারির শেষ নাগাদ মালয়েশিয়ায় মিয়ানমারের প্রায় এক লাখ ৯৩ হাজার নিবন্ধিত শরণার্থী ছিলেন, যাদের প্রায় দুই-তৃতীয়াংশই রোহিঙ্গা। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ১০ হাজারের বেশি মিয়ানমারের নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া।
তথ্যসূত্র: আরব নিউজ

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন