নভেম্বর ১৭, ২০২৬, ০৫:৫৯ পিএম
নিউজিল্যান্ডের ব্যাটসম্যান টিম সাইফার্টকে আউট করে আগ্রাসী উদ্যাপনের দায়ে ভারতের পেসার গুরনুর ব্রারকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আচরণবিধি ভঙ্গের কারণে তাকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করার পাশাপাশি তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে।
গত শুক্রবার মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডে ম্যাচে এই ঘটনা ঘটে। ইনিংসের ১২তম ওভারে সাইফার্টকে আউট করার পর ব্রার তার দিকে এগিয়ে গিয়ে আগ্রাসী ভঙ্গিতে উদ্যাপন শুরু করেন এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সতীর্থ বিরাট কোহলি এগিয়ে এসে তাকে সরিয়ে নেন।
আইসিসির আচরণবিধির ২ দশমিক ৫ ধারা ভঙ্গ করেছেন গুরনুর ব্রার।
এই ধারা অনুযায়ী, কোনো ব্যাটসম্যান আউট হওয়ার পর এমন কোনো ভাষা, আচরণ বা অঙ্গভঙ্গি করা নিষিদ্ধ যা সংশ্লিষ্ট ব্যাটসম্যানকে অপমানিত করতে পারে কিংবা তাকে উসকে দিতে পারে।
গত ২৪ মাসের মধ্যে এটি গুরনুর ব্রারের দ্বিতীয় অপরাধ হওয়ায় তার মোট ডিমেরিট পয়েন্টের সংখ্যা বেড়ে দুইয়ে দাঁড়িয়েছে। ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালের প্রস্তাবিত শাস্তি ব্রার মেনে নেওয়ায় এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
আইসিসির নিয়ম অনুযায়ী, লেভেল-১ পর্যায়ের অপরাধে আনুষ্ঠানিক তিরস্কার থেকে শুরু করে ম্যাচ ফির সর্বোচ্চ ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুই ডিমেরিট পয়েন্টের শাস্তি দেওয়া যায়, আর ২৪ মাসের মধ্যে কোনো ক্রিকেটারের ডিমেরিট পয়েন্ট চারে পৌঁছালে তা সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন