নভেম্বর ১৭, ২০২৬, ০৪:৪৭ পিএম
পারমাণবিক প্রযুক্তিনির্ভর বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক স্পর্শ করে প্রথমবারের মতো পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে প্রকল্পটির প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে এই বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।
প্রকল্পের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ সাংবাদিকদের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বিদ্যুৎ সংযোগের সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামসহ প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তবে এটি আনুষ্ঠানিক উদ্বোধন নয়; পরীক্ষামূলকভাবে কয়েক ঘণ্টার জন্য জাতীয় গ্রিডে যুক্ত থাকবে কেন্দ্রটি। চলমান এই পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলে চলতি মাসের ২১ নভেম্বর অথবা শেষ দিকে আনুষ্ঠানিকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে এবং প্রাথমিকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনার কথা জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে সৈকত আহমেদ জানান, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী প্রাথমিক পরীক্ষামূলক সংযোগের আওতায় উৎপাদিত বিদ্যুৎ প্রায় আট থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময়ে বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পর্যবেক্ষণসহ গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে।
পরবর্তীতে বিভিন্ন কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদ্যুৎকেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে এবং প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর পুনরায় চার থেকে ছয় ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করে কেন্দ্রের প্রয়োজনীয় কারিগরি ও পরিচালনসংক্রান্ত পরীক্ষা চালানো হবে।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পরীক্ষামূলক সংযোগ চলাকালে উৎপাদিত বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি গ্রিডের আচরণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে এবং কোনো কারিগরি জটিলতা দেখা দিলে তাৎক্ষণিকভাবে সংযোগ বিচ্ছিন্ন করা হবে। পরীক্ষা শেষে কেন্দ্রটি আবার বন্ধ রেখে প্রয়োজনীয় কারিগরি যাচাই-বাছাই সম্পন্ন করা হবে।
প্রকল্পের একাধিক কর্মকর্তা জানান, প্রথম ইউনিটের রিঅ্যাক্টর, টারবাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির পরীক্ষা-নিরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে এবং ইউনিটটি বিদ্যুৎ উৎপাদন ও গ্রিডে সরবরাহের জন্য প্রস্তুত রয়েছে। কেন্দ্র চালুর দীর্ঘ কমিশনিং প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে এখন জাতীয় গ্রিডের সক্ষমতা, গ্রিডের ফ্রিকোয়েন্সি, বিদ্যুৎ সরবরাহের স্থিতিশীলতা এবং বিভিন্ন যন্ত্রের পারস্পরিক সমন্বয় পর্যবেক্ষণ করা হচ্ছে।
উল্লেখ্য, ২০১৩ সালের ২ অক্টোবর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রথম পর্যায়ের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছিল এবং ২০১৭ সালের ৩০ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পটির প্রথম ইউনিটের প্রথম কংক্রিট ঢালাইয়ের উদ্বোধন করেন। এক হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিটের মাধ্যমে মোট দুই হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার এই কেন্দ্রটি রাশিয়ার সহযোগিতায় নির্মিত হচ্ছে, যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে এক লাখ ১৩ হাজার কোটি টাকার ওপরে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন