নভেম্বর ১৭, ২০২৬, ০৩:৫৩ পিএম
জার্মানিতে উচ্চশিক্ষার জন্য যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করতে নতুন ডিজিটাল ব্যবস্থা চালু করেছে ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাস। এই ব্যবস্থায় স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের আর দীর্ঘ অপেক্ষমাণ তালিকায় নাম নিবন্ধন করে বছরের পর বছর অপেক্ষা করতে হবে না, বরং তারা সরাসরি অনলাইনে আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারবেন।
গত ১৫ নভেম্বর জার্মান দূতাবাসের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১ জানুয়ারি থেকে নতুন এই ডিজিটাল ব্যবস্থা পুরোপুরি কার্যকর হবে। তবে এখন থেকেই স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়তে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীরা জার্মান সরকারের সরকারি ওয়েবসাইট ডিজিটাল ডট ডিপ্লো ডট ডিই-এর মাধ্যমে নতুন পোর্টালে আবেদন করতে পারবেন।
জার্মান সরকারের কনস্যুলার সার্ভিসেস পোর্টাল বা আউসলান্ডসপোর্টালের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। এ জন্য আবেদনকারী শিক্ষার্থীদের প্রথমে অনলাইনে একটি অ্যাকাউন্ট খুলতে হবে এবং পরে আবেদনপত্র পূরণ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রমাণপত্র বা অফার লেটার ও ব্লক অ্যাকাউন্টের তথ্যসহ প্রয়োজনীয় সব কাগজপত্র পোর্টালে জমা দিতে হবে।
অনলাইনে জমা দেওয়া কাগজপত্রগুলো প্রাথমিকভাবে যাচাই করবে দূতাবাসের সেবাদানকারী প্রতিষ্ঠান ভিএফএস। ফলে পরবর্তী ধাপে আবেদনকারীদের সরাসরি উপস্থিতির সময় প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে তুলনামূলক কম সময় লাগবে।
প্রাথমিক যাচাই শেষ হওয়ার পর আবেদনকারীদের দূতাবাসে বা নির্ধারিত কেন্দ্রে সরাসরি উপস্থিত হয়ে বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে, যেখানে তাদের আঙুলের ছাপ ও ছবি নেওয়া হবে, ভিসার ফি জমা দিতে হবে এবং মূল কাগজপত্র যাচাই করা হবে। অনলাইন পোর্টাল থেকেই শিক্ষার্থীরা আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারবেন এবং প্রয়োজনে পরিবারের সদস্যদের সঙ্গে যৌথভাবে আবেদন করার সুযোগও পাবেন।
দূতাবাস স্পষ্টভাবে জানিয়েছে, ২০২৬ সালের শেষ নাগাদ আগের ভিসা অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষমাণ তালিকা বাতিল করা হবে। যারা ইতিমধ্যে পুরোনো তালিকায় নাম নিবন্ধন করে রেখেছেন, তাদেরও নতুন করে অ্যাকাউন্ট খুলে আবেদন করতে হবে এবং পুরোনো তালিকায় নাম থাকলেই আবেদন স্বয়ংক্রিয়ভাবে নতুন ব্যবস্থায় স্থানান্তরিত হবে না।
দূতাবাসের তথ্য অনুযায়ী, শিক্ষার্থী ভিসার আবেদন প্রক্রিয়াকরণে সাধারণত চার সপ্তাহ সময় লাগে, যা গণনা শুরু হবে আবেদন দূতাবাসে পৌঁছানোর পর থেকে। তবে কাগজপত্র অসম্পূর্ণ থাকলে বা অতিরিক্ত যাচাইয়ের প্রয়োজন হলে আরও বেশি সময় লাগতে পারে এবং এই চার সপ্তাহের হিসাবের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার অপেক্ষার সময় অন্তর্ভুক্ত নয়, বরং সাক্ষাৎকারের পর থেকেই প্রক্রিয়াকরণের সময় গণনা করা হবে।
নতুন এই ডিজিটাল ব্যবস্থার ফলে আবেদন যাচাইয়ের সক্ষমতা বাড়বে এবং আগের তুলনায় অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষার সময় কমে আসবে বলে আশা করছে দূতাবাস। তবে সব আবেদনকারীর ভিসা একই সময়ে প্রক্রিয়াকরণ শেষ হবে এমন কোনো নিশ্চয়তা নেই এবং প্রতিটি আবেদন আলাদাভাবে যাচাই করা হবে।
এ বিষয়ে জার্মান একাডেমি ঢাকা ও আইইএলটিএস স্কুল বিডির চেয়ারম্যান শামীম আল মামুন বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে এবং এখন থেকে তারা সহজেই ভিসার জন্য আবেদন করতে পারবেন। যেহেতু আবেদনের জন্য বিশ্ববিদ্যালয়ের অফার লেটার প্রয়োজন হবে, তাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করতে শিক্ষার্থীদের সতর্কতার সঙ্গে আবেদন করার পরামর্শ দেন তিনি।
শামীম আল মামুন আরও বলেন, শিক্ষার্থীদের যত্রতত্র গড়ে ওঠা এজেন্সি এড়িয়ে চলা উচিত, কারণ একজন শিক্ষার্থী কোন শহরে এবং কোন বিষয়ে পড়াশোনা করবেন, তা তার ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন