নভেম্বর ১৭, ২০২৬, ০৪:০০ পিএম
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা দ্রুত কার্যকরের দাবিতে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে দফায় দফায় অবরোধ করে বিক্ষোভ করেছেন শিল্পকারখানার শ্রমিকেরা। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই অবরোধের কারণে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে।
সকাল ১০টার দিকে প্রথমে ভোগড়া এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে সড়ক অবরোধ শুরু করেন। পরে জেলা সদরের বাংলাবাজার, বাঘেরবাজার, শিরিরচালা এবং শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় শ্রমিকেরা একযোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে যান চলাচল পুরোপুরি অচল হয়ে পড়ে।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের ধাওয়া দেয় এবং সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। দফায় দফায় মহাসড়ক অবরোধ এবং শ্রমিক ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো শিল্পাঞ্চল উত্তপ্ত হয়ে ওঠে।
তবে এই পরিস্থিতির মধ্যেও গাজীপুর মহানগরের নাওজোর, কোনাবাড়ী, সফিপুর, পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা এলাকার পরিস্থিতি অন্য দিনের তুলনায় অনেকটাই স্বাভাবিক ছিল।
বাঘেরবাজার এলাকায় দায়িত্বরত শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভুঞা জানান, দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে শ্রমিকেরা অবরোধ সৃষ্টি করেছিলেন এবং তাৎক্ষণিকভাবে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনী শ্রমিকদের নিয়ন্ত্রণে কাজ করেছে এবং বিকেল ৩টার পর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যান চলাচল শুরু হয়েছে। তিনি আরও জানান, সকালে হট্টগোল শুরুর পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি এলাকার মোট ১১টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন