মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬,

জাভি হার্নান্দেজের অধীনে প্রথম হারের স্বাদ পেল নেদারল্যান্ডস বার্লিনে জার্মানির দাপট

স্পোর্টস ডেস্ক

নভেম্বর ১৭, ২০২৬, ০২:৫৮ পিএম

জাভি হার্নান্দেজের অধীনে প্রথম হারের স্বাদ পেল নেদারল্যান্ডস বার্লিনে জার্মানির দাপট

বার্লিনে জার্মানির বিপক্ষে পাঁচ গোল হজম করে নেদারল্যান্ডসের ডাগআউটে প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছেন কোচ জাভি হার্নান্দেজ। টানা পাঁচ ম্যাচ অপরাজিত থাকার পর গতকাল সোমবার (১৬ নভেম্বর) এই বড় ব্যবধানে হারের মুখে পড়ে ডাচরা।

কয়েকদিন আগেই গ্রিসকে ৭-০ গোলে হারিয়েছিল নেদারল্যান্ডস। তিন জয় ও দুটি ড্রয়ের আত্মবিশ্বাস নিয়ে বার্লিনে স্বাগতিক জার্মানির মুখোমুখি হলেও মাঠে পুরোপুরি কোণঠাসা হয়ে পড়ে জাভির দল।

ম্যাচ শেষে স্প্যানিশ এই কোচ জানান, এত বড় ব্যবধানে হারের কথা তিনি কখনো কল্পনাও করেননি। জাভি হার্নান্দেজ বলেন, তিনি গভীরভাবে মর্মাহত এবং এটি অত্যন্ত দুঃখজনক, কারণ এত দিন পর্যন্ত তিনি নিজের খেলোয়াড়দের নিয়ে গর্বিত ছিলেন। কিন্তু মাঠে যা ঘটেছে তা অবিশ্বাস্য এবং কোচ হিসেবে তাকে হতবাক করেছে।

দলের মানসিকতা ও মূল্যবোধ নিয়েও প্রশ্ন তুলেছেন নেদারল্যান্ডস কোচ। জাভি জানান, তিনি খেলোয়াড়দের সঙ্গে কথা বলে মানসিকতা বদলানোর তাগিদ দিয়েছেন, কারণ মূল্যবোধের প্রতি অবিচল না থাকায় তারা মাঠে প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেননি এবং এমন পারফরম্যান্স মেনে নেওয়া সম্ভব নয়।

এই ম্যাচে ভার্জিল ফন ডাইক ও ফ্রেঙ্কি ডি ইয়াংয়ের অনুপস্থিতিকে হারের কারণ হিসেবে মানতে নারাজ জাভি হার্নান্দেজ। তার মতে, মাঠের ফলাফলের সঙ্গে এই দুই তারকার না থাকার কোনো সম্পর্ক নেই, বরং এখন দলে অনেক পরিবর্তন আনা জরুরি এবং তিনি এমন খেলোয়াড় চান যারা মানসিকভাবে উজ্জীবিত থাকবেন।

নিজের দলের পারফরম্যান্সকে লজ্জাজনক বলে আখ্যা দিলেও প্রতিপক্ষ জার্মানিকে প্রাপ্য কৃতিত্ব দিতে ভোলেননি জাভি। তিনি স্বীকার করেন, জার্মান দলের পারফরম্যান্সের উঁচু মানের কারণেই নেদারল্যান্ডসকে চরম সমস্যায় পড়তে হয়েছে।