মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬,

আদালতে হাজিরা শেষে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার কারণ জানালেন পরীমনি

বিনোদন ডেস্ক

নভেম্বর ১৭, ২০২৬, ০১:৪০ পিএম

আদালতে হাজিরা শেষে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার কারণ জানালেন পরীমনি

ছবি : সংগ্রহীত

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় হাজিরা দিতে ঢাকার আদালতে গিয়ে গত ৫ নভেম্বরের বিতর্কিত বাগ্‌বিতণ্ডার ঘটনা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলমের আদালতে বনানী থানার মামলাটির শুনানিতে অংশ নেন তিনি।

শুনানি শেষে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের মুখোমুখি হন এই অভিনেত্রী।

এর আগে গত ৫ নভেম্বর এক ব্যবসায়ীকে মারধরের মামলায় হাজিরা দিতে আদালতে গিয়ে এক সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডা, টানাহেঁচড়া এবং মারধরের অভিযোগ ঘিরে আলোচনায় আসেন পরীমনি। সেদিনের ঘটনার দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরীমনির দাবি ছিল, ওই সাংবাদিক তাঁকে অশোভনভাবে স্পর্শ করেছিলেন এবং এর জেরে তিনি মেজাজ হারিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান।

মঙ্গলবার সেই প্রসঙ্গ টেনে পরীমনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, সাংবাদিকের পরিচয়পত্র ঝুলিয়ে অন্যায় করাটা কি প্রশ্রয় দেওয়া উচিত। তাঁর ভাষ্য অনুযায়ী, অশোভন স্পর্শে ব্যথা পাওয়ার পর তিনি কারণ জানতে চাইলে ওই ব্যক্তি পরিচয়পত্র দেখিয়ে নিজের সাংবাদিক পরিচয়ের প্রভাব খাটানোর চেষ্টা করেন। তাৎক্ষণিক উত্তেজনার মুহূর্তে তিনিও পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছিলেন উল্লেখ করে পরীমনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে অন্যায় করার কোনো সুযোগ নেই।

উল্লেখ্য, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র‍্যাব এবং পরদিন বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে ওই বছরের ৪ অক্টোবর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়।

২০২২ সালের ৫ জানুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করলে সেই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন পরীমনি। পরবর্তী সময়ে উচ্চ আদালত তাঁর ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত রেখে পুনরায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির নির্দেশ দেন।