মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬,

সাঈদ খোকনকে পল্টন থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখাল ঢাকা মহানগর পুলিশ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৭, ২০২৬, ০১:৪৮ পিএম

সাঈদ খোকনকে পল্টন থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখাল ঢাকা মহানগর পুলিশ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে ২০২৪ সালের পল্টন থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর বারিধারা এলাকা থেকে গ্রেপ্তারের পর দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া শুরু হয়।

মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সকাল সাতটার দিকে বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয় বলে জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী। তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এই সদস্যকে সকালে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনগত পদক্ষেপ গোয়েন্দা পুলিশই গ্রহণ করবে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, সাঈদ খোকনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনাসহ একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন ২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছিলেন, তবে পরবর্তী নির্বাচনে তিনি দলের মনোনয়ন পাননি। পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ২৩ ডিসেম্বর আদালত সাঈদ খোকন ও তাঁর পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিলেন।