মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬,

বিক্ষোভ দমনে বিতর্কিত পুলিশ ইউনিট ভেঙে দিলেন নিউইয়র্কের মেয়র মামদানি

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ১৭, ২০২৬, ১২:১৯ পিএম

বিক্ষোভ দমনে বিতর্কিত পুলিশ ইউনিট ভেঙে দিলেন নিউইয়র্কের মেয়র মামদানি

ইসরাইল-গাজা যুদ্ধের বিরুদ্ধে আয়োজিত একটি বিক্ষোভ ছত্রভঙ্গ করার পর ব্রুকলিন কলেজের সামনে পাহারারত স্ট্র্যাটেজিক রেসপন্স গ্রুপের সদস্যরা।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরীর পুলিশ বিভাগের বিতর্কিত বিশেষ ইউনিট স্ট্র্যাটেজিক রেসপন্স গ্রুপ ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন মেয়র জোহরান মামদানি। বিক্ষোভকারীদের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগ, গণগ্রেপ্তার ও আগ্রাসী কৌশল ব্যবহারের অভিযোগে দীর্ঘদিন ধরে সমালোচিত ছিল ইউনিটটি। এর পরিবর্তে বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে নিরস্ত্র মধ্যস্থতাকারীদের নিয়ে নতুন বিভাগ গঠন করা হচ্ছে।

সোমবার নিউইয়র্কের মেয়র মামদানি ও পুলিশ কমিশনার জেসিকা টিশ যৌথভাবে এ ঘোষণা দেন। এর মধ্য দিয়ে নির্বাচনী প্রচারের সময় দেওয়া অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেন মামদানি। তার পরিকল্পনার মূল লক্ষ্য হলো, সন্ত্রাসবাদ মোকাবিলা এবং শান্তিপূর্ণ বিক্ষোভ নিয়ন্ত্রণের দায়িত্ব আলাদা করা।

প্রায় পাঁচ শ সদস্যের এই বিশেষ বাহিনী নিউইয়র্কের বিভিন্ন এলাকায় দ্রুত অভিযান পরিচালনা করতে পারত। তবে সময়ের সঙ্গে সঙ্গে এর বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগ, বিক্ষোভকারীদের নির্বিচারে আটক এবং সাংবাদিক ও পর্যবেক্ষকদের হয়রানির অভিযোগ ওঠে। বিশেষ করে ২০২০ সালে যুক্তরাষ্ট্রজুড়ে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড নিহত হওয়ার পর শুরু হওয়া আন্দোলন দমনে এই বাহিনীর ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা হয়।

নতুন সংস্কার পরিকল্পনায় তিনটি আলাদা কাঠামো তৈরি করা হচ্ছে। এর মধ্যে মেয়রের কমিউনিটি সেফটি কার্যালয়ের অধীনে গঠিত হবে সিডিডিডি বিভাগ। এটি হবে বেসামরিক নেতৃত্বাধীন একটি বিভাগ, যাদের হাতে কোনো অস্ত্র বা গ্রেপ্তারের ক্ষমতা থাকবে না। এ ছাড়া বিক্ষোভ নিয়ন্ত্রণে কেটলিং কৌশল, দীর্ঘ নলবিশিষ্ট আগ্নেয়াস্ত্র এবং কাঁদানে গ্যাস ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

মামদানির এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে নিউইয়র্কের বিভিন্ন নাগরিক অধিকার ও মানবাধিকার সংগঠন। তবে নতুন কাঠামোর অধীনে পুরোনো কৌশল আবার ফিরে আসছে কি না, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার কথা জানিয়েছে তারা। সংস্কার বাস্তবায়নে পুলিশের মোট সদস্যসংখ্যা বাড়ানো বা কমানো হবে না এবং কোনো অতিরিক্ত অর্থও ব্যয় করতে হবে না বলে জানানো হয়েছে।