সেপ্টেম্বর ২৪, ২০২৬, ১২:১৪ পিএম
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান যে হোটেলে অবস্থান করছেন তার সামনের সড়কে মুখোমুখি অবস্থান নিয়ে পাল্টাপাল্টি মিছিল ও স্লোগান দিয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। স্থানীয় সময় বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি জটিল রূপ নেওয়ার আগেই যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত সংঘাত এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
জানা গেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক আগমন উপলক্ষে গত দুই দিন ধরে ওই হোটেলের বাইরে অবস্থান নিয়েছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। তারা সরকারের পক্ষে নিয়মিত মিছিল ও স্লোগান দিয়ে পরিবেশ মুখরিত রাখছিলেন। তবে বুধবার সন্ধ্যায় প্রথমবারের মতো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা রাস্তার অপর পাশে অবস্থান নিয়ে সরকারবিরোধী বিক্ষোভ প্রদর্শন শুরু করেন।
রাস্তার দুই প্রান্ত থেকে দুই দলের নেতাকর্মীদের পাল্টাপাল্টি মিছিল ও স্লোগানে মুহূর্তের মধ্যেই আশপাশের এলাকায় অস্থিরতা ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে দ্রুত সেখানে নিউইয়র্ক পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের উপস্থিতির কিছুক্ষণ পর আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
সফরের শুরু থেকেই নিউইয়র্কে দুই দলের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এর আগে গত রোববার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় প্রধানমন্ত্রীর আগমন ও তাকে স্বাগত জানানোকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছিল। সেই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট এলাকায় অর্ধশতাধিক দাঙ্গা পুলিশ মোতায়েন করতে হয়। এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে স্থানীয় সময় আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে বিশ্বমঞ্চে এটিই হবে তার প্রথম আনুষ্ঠানিক ভাষণ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন