মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬,

ঘূর্ণিঝড় আকভান কবে আঘাত হানবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৭, ২০২৬, ১০:০৩ এএম

ঘূর্ণিঝড় আকভান কবে আঘাত হানবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

প্রতীকী ছবি

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আকভান’ একই স্থানে স্থির রয়েছে। এটি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২০ নভেম্বর সন্ধ্যা নাগাদ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে। আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঘূর্ণিঝড়টি সোমবার মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এ ছাড়া কক্সবাজার থেকে ১ হাজার ২৪৫ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ২২৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এটি আরও শক্তিশালী হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার। দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে এর গতিবেগ ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রের কাছাকাছি এলাকার সাগর অত্যন্ত উত্তাল রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এই পরিস্থিতিতে দেশের চারটি সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সতর্কতা বহাল থাকবে।