নভেম্বর ১৭, ২০২৬, ০৯:৩১ এএম
বিশ্ববাজারে আবারও কমেছে জ্বালানি তেলের দাম। সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে। হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন আবার বাড়তে শুরু করায় বাজারে এই নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন পরিস্থিতির উন্নতি এবং সরবরাহ বাড়ার প্রত্যাশায় বিনিয়োগকারীরা স্বস্তি পাচ্ছেন।
সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৬ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯২ ডলার ৪৪ সেন্টে নেমে এসেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম কমেছে ৩ দশমিক ২ শতাংশ এবং প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ৮৫ ডলার ৭২ সেন্টে। তবে একই সময়ে বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে বারবার হামলা চালিয়েছে ইরান।
এর আগে গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ১৬ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ১৩ শতাংশ কমেছিল। ইরানকে কেন্দ্র করে ভূরাজনৈতিক উত্তেজনা কমার সম্ভাবনা বিবেচনায় নিচ্ছিলেন বিনিয়োগকারীরা। তবে কৌশলগত গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে কয়েকটি তেলবাহী ট্যাংকার সমুদ্রের মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার রাতে হরমুজ প্রণালির পূর্বদিকে একটি নৌমাইনে আঘাত লেগে তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যায়।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থা গত শুক্রবার জানিয়েছে, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে বিশ্ববাজারে তেলের সরবরাহ চাহিদার তুলনায় বেশি হতে পারে। ফলে বৈশ্বিক তেলের বাজার আবারও উদ্বৃত্ত অবস্থায় ফিরতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। বছরের শেষ প্রান্তিকে বিশ্ববাজারে দৈনিক গড়ে ১০ কোটি ৫০ লাখ ব্যারেল তেল সরবরাহ হতে পারে যা সম্ভাব্য চাহিদার চেয়ে দৈনিক ১৭ লাখ ব্যারেল বেশি।
কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত শুরুর পর প্রথমবারের মতো ব্যবসায়ীরা বাজারে সরবরাহ ঘাটতির পরিবর্তে অতিরিক্ত তেলের সম্ভাবনা বিবেচনা করছেন। এর ফলে বাজারের সার্বিক মনোভাব বদলে যাচ্ছে এবং তেল রপ্তানি দ্রুত স্বাভাবিক হতে থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।
তবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ঝুঁকি এবং তেল পরিবহনে ব্যবহৃত ট্যাংকারের স্বল্পতার কারণে পরিবহন ব্যয় এখনো বেশি রয়েছে। জাহাজ চলাচলে এখনো হামলার ঝুঁকি পুরোপুরি কাটেনি বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন