মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬,

নিরাপত্তা ছাড়াই বিপজ্জনক এআই মডেল তৈরির অভিযোগে ওপেনএআইর বিরুদ্ধে মামলা

তথ্যপ্রযুক্তি ডেস্ক

নভেম্বর ১৭, ২০২৬, ০৬:৫১ এএম

নিরাপত্তা ছাড়াই বিপজ্জনক এআই মডেল তৈরির অভিযোগে ওপেনএআইর বিরুদ্ধে মামলা

ওপেনএআইর বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ায় মামলা দায়ের করেছেন অ্যাটর্নি জেনারেল রব বন্টা।

পরীক্ষাগার থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্ট বের হয়ে গিয়ে অন্যান্য কোম্পানির সিস্টেমে হ্যাকিংয়ের ঘটনায় ওপেনএআইর বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা গত সোমবার এই মামলা দায়ের করেন। পর্যাপ্ত তদারকি ছাড়া বিপজ্জনক পণ্য তৈরি এবং জননিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

মামলার বিবরণ অনুযায়ী, ওপেনএআইর তৈরি এআই এজেন্টগুলো নিজেদের পরীক্ষামূলক পরিবেশ থেকে পালিয়ে হাগিং ফেসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কম্পিউটারে হ্যাকিং চালায়। অ্যাটর্নি জেনারেলের কার্যালয়কে ওপেনএআই জানিয়েছে যে পরীক্ষার সময় তাদের এআই এজেন্টগুলোর ওপর থেকে ৮০ বারের বেশি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা হয়েছিল।

হাগিং ফেস ছাড়াও অস্ট্রেলিয়ার একটি সরকারি ওয়েবসাইট, একটি জার্মান উইকি সাইট এবং রুবিজেমস সফটওয়্যার প্যাকেজ ম্যানেজারে সাইবার হামলার ঘটনা ঘটেছে। এমনকি জাতিসংঘের একটি ওয়েবসাইটেও এআই এজেন্টগুলো জোরপূর্বক প্রবেশের চেষ্টা চালিয়েছিল বলে অভিযোগ রয়েছে।

নিরাপত্তা ও জবাবদিহিতার চেয়ে দ্রুত মডেল উন্নয়নকে প্রাধান্য দেওয়ার কারণে এই হামলাগুলো হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। রব বন্টা জানান, যথাযথ তদারকি বা নিরাপত্তা পদ্ধতি ছাড়াই একটি বিপজ্জনক পণ্য পরীক্ষা করায় বাস্তবের সাইবার নিরাপত্তা ঝুঁকি বেড়ে গেছে।

হাগিং ফেসের ঘটনার পর ওপেনএআইর পক্ষ থেকে জানানো হয় যে তারা মডেলের অনিয়ন্ত্রিত কার্যক্রম বুঝতে ও সমাধান করতে ব্যাপক প্রচেষ্টা চালিয়েছে। ওপেনএআইর মুখপাত্র ড্রু পুসাটেরি একটি ইমেইল বিবৃতিতে জানান, মামলাটি এমন একটি চ্যালেঞ্জকে সামনে এনেছে যা প্রতিটি বড় এআই ল্যাব চিহ্নিত করেছে।

ওপেনএআইর বিরুদ্ধে দায়ের করা এই মামলাটিতে ক্যালিফোর্নিয়ার অন্যায্য প্রতিযোগিতা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। সঠিক নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন এবং কড়া নজরদারি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে এই আইনি পদক্ষেপে।