শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬,

এআই এজেন্ট দিয়ে কেনাকাটার জন্য চ্যাটজিপিটিতে আসছে নতুন ওয়ালেট

তথ্যপ্রযুক্তি ডেস্ক

নভেম্বর ১৩, ২০২৬, ১১:০৯ পিএম

এআই এজেন্ট দিয়ে কেনাকাটার জন্য চ্যাটজিপিটিতে আসছে নতুন ওয়ালেট

চ্যাটজিপিটিতে আসছে নতুন এআই ওয়ালেট ফিচার।

ব্যবহারকারীদের পক্ষে সরাসরি কেনাকাটা এবং পেমেন্ট সম্পন্ন করতে নতুন একটি ওয়ালেট ফিচার নিয়ে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই। চ্যাটজিপিটি প্ল্যাটফর্মে যুক্ত হতে যাওয়া এই ফিচারের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা এজেন্টরা ব্যবহারকারীদের দৈনন্দিন কেনাকাটা ও চেকআউট প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে।

প্রতিষ্ঠানটির মতে, এটি এমন প্রথম কোনো ওয়ালেট সিস্টেম যেখানে এজেন্টরা সরাসরি কার্ডের আসল বিবরণ না দেখেই পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করতে সক্ষম হবে। বিশ্বখ্যাত কার্ড নেটওয়ার্ক আমেরিকান এক্সপ্রেস, মাস্টারকার্ড এবং ভিসার সঙ্গে যৌথভাবে এই নতুন ওয়ালেটটি তৈরি করা হয়েছে।

নতুন এই ওয়ালেট ব্যবহারের সময় ক্রেতারা সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকবেন বলে জানিয়েছে ওপেনএআই। কোনো পণ্য কেনার আগে ব্যবহারকারীকে পণ্যের তালিকা, মোট মূল্য এবং কোন পেমেন্ট কার্ডটি ব্যবহার করা হবে তা দেখানো হবে। পেমেন্ট চূড়ান্ত করার আগে ফেস আইডি বা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের মতো নিরাপত্তা যাচাইয়ের মাধ্যমে ব্যবহারকারীকে প্রতিটি ক্রয় অনুমোদন করতে হবে।

এই অনুমোদনের মাধ্যমে প্রতিটি লেনদেনের একটি সুনির্দিষ্ট রেকর্ড সংরক্ষিত থাকে, যা এজেন্টকে নির্দিষ্ট কেনাকাটার জন্য ক্ষমতা প্রদান করে।

নিরাপত্তা নিশ্চিত করতে এই ব্যবস্থায় সরাসরি আসল কার্ড নম্বর ব্যবহারের পরিবর্তে পেমেন্ট টোকেন তৈরি করা হয়। এর ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা এজেন্ট বা মার্চেন্ট কেউ-ই আসল কার্ডের তথ্য দেখতে পায় না। এছাড়া ব্যবহারকারীরা তাদের নিয়মিত কার্ডের রিওয়ার্ড সুবিধা এবং ডিসপিউট বা বিরোধ মীমাংসার মতো সুরক্ষাগুলো আগের মতোই উপভোগ করতে পারবেন।

মার্চেন্টরা অর্ডার পূরণের জন্য প্রয়োজনীয় তথ্য যেমন শিপিং ঠিকানা এবং যোগাযোগের বিবরণ স্বয়ংক্রয়ভাবেই পেয়ে যাবেন, যা ক্রেতা ও বিক্রেতার মধ্যকার সম্পর্ক বজায় রাখবে।

প্রাথমিক পর্যায়ে সীমিত পরিসরে এই ফিচারটি চালু করা হচ্ছে, যাতে সার্বিক কার্যক্রম পরীক্ষা ও উন্নত করা যায়। ভবিষ্যতে ব্যবহারকারীরা এই ফিচারের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ পেতে পারেন বলে পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে নির্দিষ্ট ব্যয়ের সীমা নির্ধারণ, পণ্যের বিভাগ বা নির্দিষ্ট সময়সীমা ঠিক করে দেওয়ার সুযোগ রাখা হবে, যাতে এজেন্টরা আরও স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর পূর্বানুমোদন অনুযায়ী কেনাকাটা পরিচালনা করতে পারে।

এছাড়া আরও বেশি সংখ্যক সমর্থিত খুচরা বিক্রেতার প্ল্যাটফর্মে এই সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে।

বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত কেনাকাটার বাজার এবং খুচরা বিক্রেতাদের মানিয়ে নেওয়ার বিষয়টি বেশ আলোচনার জন্ম দিয়েছে। অনেক খুচরা বিক্রেতা সাইটে কৃত্রিম বুদ্ধিমত্তা এজেন্টদের প্রবেশ সীমিত বা ব্লক করছে। এর মধ্যে অ্যামাজনের মতো বড় প্রতিষ্ঠান তাদের নিজস্ব এআই এজেন্ট ব্যবহারের ওপর জোর দিচ্ছে।

খুচরা বিক্রেতারা যেন এআই ভিত্তিক বাণিজ্যের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারেন, সে জন্য একটি অংশীদার নির্দেশিকা বা প্লেবুক প্রকাশ করেছে ওপেনএআই, যা সাইটগুলোকে প্রয়োজনীয় টুলস ও নির্দেশনা দিয়ে সহায়তা করবে।