শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬,
ভারতের মধ্যপ্রদেশ

মিষ্টি ভেবে বোমা খেয়ে একজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ১৩, ২০২৬, ১০:৫৭ পিএম

মিষ্টি ভেবে বোমা খেয়ে একজন নিহত

ছবি: সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশে রসগোল্লা বা মিষ্টি ভেবে মুখে দেওয়ার পর দেশি বোমা বিস্ফোরণে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুনো শূকর শিকারের উদ্দেশ্যে তৈরি একটি ঘরোয়া বোমা মিষ্টি হিসেবে খেতে দেওয়ায় এই দুর্ঘটনা ঘটে। গত মঙ্গলবার মধ্যপ্রদেশের দিন্ডোরি জেলার একটি গ্রামে এই ঘটনা ঘটে।

ঘটনার দিন রাজেন্দ্র বারৌটিয়া নামের পঁয়ত্রিশ বছর বয়সী এক তরুণ ওই গ্রামের কয়েকজন বাসিন্দার সঙ্গে আগুনের পাশে বসে ছিলেন। এ সময় গ্রামের এক ব্যক্তি তাঁকে মিষ্টির মতো দেখতে একটি বস্তু খেতে দেন। মিষ্টিসদৃশ হওয়ায় রাজেন্দ্র তা বিনা দ্বিধায় খেয়ে ফেলেন। কিন্তু সেটি মিষ্টি নয়, বরং ঘরে তৈরি একটি দেশি বিস্ফোরক ছিল।

স্থানীয় পুলিশ কর্মকর্তা রেখা সিং গণমাধ্যমকে জানান, ওই এলাকার কিছু আদিবাসী মানুষ বুনো শূকর মারার জন্য এ ধরনের বিস্ফোরক ব্যবহার করে থাকে। সেরকমই একটি বিস্ফোরক ওই ব্যক্তিকে দেওয়া হয়েছিল এবং সেটি তাঁর মুখেই বিস্ফোরিত হয়। গুরুতর আহত অবস্থায় দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় রাজেন্দ্রকে আর বাঁচানো সম্ভব হয়নি।

এই চাঞ্চল্যকর ঘটনায় পুলিশ ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে। তাঁদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত নরহত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা রেখা সিং। তিনি আরও উল্লেখ করেন, অভিযুক্তদের কাউকে হত্যার সুনির্দিষ্ট উদ্দেশ্য ছিল, নাকি এটি নিছক কোনো দুষ্টুমি বা অসতর্কতা ছিল, তা এখনো স্পষ্ট নয় এবং বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত চলছে।

ভারতের মধ্যপ্রদেশের কিছু অঞ্চলের গ্রামীণ এলাকায় লোকজন বুনো শূকর শিকারের জন্য আতশবাজি কিংবা পাথরখনি থেকে সংগ্রহ করা বারুদ আটার গোলার ভেতরে ভরে একধরনের ঘরোয়া বিস্ফোরক তৈরি করে থাকে। আকারে অবিকল রসগোল্লার মতো দেখতে সেই মারাত্মক বিস্ফোরকটিই মিষ্টি মনে করে খেয়ে ফেলায় প্রাণ হারাতে হলো রাজেন্দ্র বারৌটিয়াকে।