শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬,
প্রযুক্তি

চিরতরে বন্ধ হচ্ছে অ্যাপলের জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম সাপোর্ট কমিউনিটি

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৩, ২০২৬, ০৯:৪১ পিএম

চিরতরে বন্ধ হচ্ছে অ্যাপলের জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম সাপোর্ট কমিউনিটি

প্রায় ৩০ বছর ধরে চালু থাকা অ্যাপলের জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম ‘অ্যাপল সাপোর্ট কমিউনিটি’ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। আগামী ২০ নভেম্বর থেকে পুরোপুরি বন্ধ হয়ে যাবে ব্যবহারকারীদের প্রযুক্তিগত সহায়তা ও অভিজ্ঞতা বিনিময়ের এই ঐতিহাসিক প্ল্যাটফর্ম। এরই মধ্যে সাইটটিকে শুধুমাত্র পড়ার উপযোগী করে রাখা হয়েছে।

যুক্তরাষ্ট্রের কুপারটিনোতে অবস্থিত অ্যাপল তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। দীর্ঘদিন ধরে আইফোন, আইপ্যাড, ম্যাকসহ অ্যাপলের বিভিন্ন ডিভাইস ও সফটওয়্যার ব্যবহারের সময় তৈরি হওয়া বিভিন্ন সমস্যার সমাধান খুঁজতে এই প্ল্যাটফর্মটি ব্যবহার করতেন বিশ্বজুড়ে গ্রাহকেরা। পাশাপাশি এখানে ব্যবহারকারীরা নিজেদের অভিজ্ঞতা, পরামর্শ ও প্রযুক্তিবিষয়ক বিভিন্ন তথ্য একে অপরের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ পেতেন।

কমিউনিটি বন্ধের ঘোষণা দিয়ে ব্যবহারকারীদের প্রযুক্তিগত সহায়তা পেতে অ্যাপলের নিজস্ব আনুষ্ঠানিক সাপোর্ট ওয়েবসাইট ব্যবহারের পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। ধারণা করা হচ্ছে, প্ল্যাটফর্মটিতে সর্বশেষ আলোচনা পোস্ট করা হয়েছে গত ১০ নভেম্বর।

ইতোমধ্যে অ্যাপল সাপোর্ট কমিউনিটিতে নতুন কোনো প্রশ্ন পোস্ট করা কিংবা আগের আলোচনায় উত্তর দেওয়ার সুযোগ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। তবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত ব্যবহারকারীরা পুরোনো পোস্ট ও আলোচনাগুলো পড়তে পারবেন। পাশাপাশি আগের সমস্যার সমাধান খোঁজা, পোস্টে ভোট দেওয়া এবং ‘মি টু’ অপশন ব্যবহারের মতো সীমিত কিছু সুবিধা চালু থাকবে।

নির্ধারিত সময়ের পর প্ল্যাটফর্মটি সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে অ্যাপল ব্যবহারকারীদের জন্য পুরোনো আলোচনাগুলো দেখার সুযোগও আর থাকবে না।