মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬,

ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বেড়ে ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা

অর্থনীতি ডেস্ক

নভেম্বর ১৭, ২০২৬, ০৫:১৫ এএম

ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বেড়ে ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা

জাতীয় সংসদ ভবন

দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ভয়াবহ আকার ধারণ করেছে। সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ত্রৈমাসিক ভিত্তিক তফসিলি ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি টাকা, যা ওই সময়ে ব্যাংকিং খাতে বিতরণকৃত মোট ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ। সোমবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনে সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।

সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বিগত পাঁচ বছরের তুলনামূলক চিত্রে দেখা যায়, ব্যাংকিং খাতে খেলাপি ঋণ লাগাতারভাবে বেড়েই চলেছে যা দেশের অর্থনীতিতে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ২০২২ সালে ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ১২ হাজার ৯০১ কোটি টাকা এবং সে সময় খেলাপি ঋণের হার ছিল ৭ দশমিক ৬৪ শতাংশ।

পরবর্তীতে ২০২৪ সালে তা বেড়ে ৩ লাখ ৫ হাজার কোটি টাকায় এবং ২০২৫ সালে ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকায় পৌঁছায়।

বেসরকারি সাউথইস্ট ব্যাংকের একজন কর্মকর্তাকে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে নিয়োগ দেওয়ার যোগ্যতা ও প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সংসদ-সদস্য হাসনাত আবদুল্লাহ। রাজনৈতিক বিবেচনায় নয়, বরং যোগ্যতার ভিত্তিতেই ব্যাংকগুলোর শীর্ষ পদে নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী।

দেশের ৮২টি বিমা কোম্পানির মধ্যে একটি কোম্পানি একাই তিন হাজার কোটি টাকার বিমা দাবি পরিশোধে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে। বিমা দাবি পরিশোধে ব্যর্থ কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সংসদে জানান অর্থমন্ত্রী। সমস্যাগ্রস্ত আটটি কোম্পানির ২২ হাজার ৩০ জন বিমাগ্রাহককে ৮৪ কোটি ৬ লাখ টাকার বিমা দাবি পরিশোধ করা হয়েছে বলেও জানান তিনি।

বিদেশফেরত প্রবাসীদের উৎপাদনশীল খাতে বিনিয়োগের সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে তিন হাজার কোটি টাকা প্রাক্‌-অর্থায়ন ঋণ প্রদান করা হয়েছে। চলতি অর্থবছরের পরিচালন বাজেটে বাঁধ মেরামত ও দুর্যোগকালীন কোডে এক হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। চীনের একটি কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের কাজ দিতে প্রায় ছয় হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির সংসদ-সদস্য আখতার হোসেন।

এ সিদ্ধান্ত বাতিল করে দেশের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নেওয়া হবে কি না, তা জানতে চাইলেও প্রশ্নের সরাসরি জবাব দেননি অর্থমন্ত্রী। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের গত দেড় দশকের প্রকল্প, চুক্তি ও কার্যক্রম পর্যালোচনা করে প্রকাশিত শ্বেতপরামর্শের আলোকে ৬১ জন কর্মকর্তা ও কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর মধ্যে ১৯ কনসালট্যান্টের চুক্তি বাতিল, ১৭ জন স্বেচ্ছায় চাকরি থেকে ইস্তফা এবং দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে প্রতারণার মাধ্যমে গ্রাহকের টাকা চুরি প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, বিভ্রান্তিকর ও আপত্তিকর কনটেন্ট বন্ধে সরকার দ্রুত আইন প্রণয়ন করবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

ব্যাংক খাতে ঋণ জালিয়াতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের মাধ্যমে সৃষ্ট আর্থিক ক্ষতি পুনরুদ্ধার এবং বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং জাতীয় রাজস্ব বোর্ডসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সমন্বয়ে গঠিত টাস্কফোর্স সন্দেহভাজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অর্জিত সম্পত্তির বিবরণ অনুসন্ধানে কাজ করছে।

ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা, বড় খেলাপিদের কাছ থেকে ঋণ আদায় এবং ভবিষ্যতে ঋণ জালিয়াতি রোধে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। অর্থ পাচার প্রতিরোধ এবং বিদেশে পাচার হওয়া সম্পদ উদ্ধারে পারস্পরিক আইনি সহায়তার অনুরোধ পাঠানোর উদ্যোগসহ বিভিন্ন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।

আগামীতে খেলাপি ঋণ আদায় ও আর্থিক খাতের শৃঙ্খলা ফেরাতে ব্যাংকগুলোতে টাস্কফোর্সের কার্যক্রম আরও জোরদার করা হবে।