নভেম্বর ১৭, ২০২৬, ০৩:৩১ এএম
অ্যাপল টিভি অ্যাপে নতুন ভিডিও পডকাস্ট সেকশন যুক্ত করার ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। ইউটিউব ও স্পটিফাইয়ের সাথে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার পর বাজার ধরতে এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রাথমিকভাবে ডেভেলপারদের জন্য পরীক্ষামূলকভাবে এই ফিচারটি চালু করা হয়েছে। পরবর্তীতে অ্যাপল টিভির সাবস্ক্রিপশন ছাড়াই সব ব্যবহারকারী সম্পূর্ণ বিনামূল্যে এটি উপভোগ করতে পারবেন। রোকু প্লেয়ার এবং স্মার্ট টিভিসহ অ্যাপল টিভি অ্যাপ রয়েছে এমন এক বিলিয়ন ডিভাইসে এই ফিচারটি পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
দুই দশক আগে পডকাস্ট ফরম্যাট জনপ্রিয় করে তুলতে অগ্রণী ভূমিকা পালন করেছিল অ্যাপল। তবে সাম্প্রতিক বছরগুলোতে ইউটিউব এবং স্পটিফাইয়ের মতো প্ল্যাটফর্মের কারণে পডকাস্ট বাজারে শীর্ষস্থান হারিয়েছে প্রতিষ্ঠানটি।
গবেষণা প্রতিষ্ঠান এডিসন রিসার্চের তথ্য অনুযায়ী, মার্কিন পডকাস্ট শ্রোতাদের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে ইউটিউব। এরপরেই রয়েছে স্পটিফাই এবং অ্যাপল পডকাস্টস।
অ্যাপলের সেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট অলিভার শুসার জানান, শ্রোতারা যেখানে পডকাস্ট উপভোগ করতে চায় সেখানেই যেন তা পাওয়া যায়। এটি মূলত নতুন শ্রোতাদের কাছে পৌঁছাতে ক্রিয়েটরদের সহায়তা করবে।
পডকাস্ট খাতের এই নতুন আপডেট চালুর সুনির্দিষ্ট কোনো পাবলিক লঞ্চের তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন