নভেম্বর ১৭, ২০২৬, ০২:৫৯ এএম
যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি প্রধান ব্যাংকের মোবাইল অ্যাপ এবং পেমেন্ট সেবায় সোমবার হঠাৎ বড় ধরনের সমস্যা দেখা গেছে। ট্র্যাকিং প্ল্যাটফর্ম ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, জেপি মরগান চেজ, ব্যাংক অব আমেরিকা, ওয়েলস ফার্গো এবং সিটিগ্রুপের মতো শীর্ষ আর্থিক প্রতিষ্ঠানগুলোর গ্রাহকরা সেবা পেতে জটিলতার মুখোমুখি হন।
প্রযুক্তিগত ত্রুটির কারণে কিছু লেনদেন সম্পন্ন হতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় নিচ্ছে বলে জানিয়েছে জেপি মরগান। ব্যাংকটির একজন মুখপাত্র জানান, গ্রাহকদের অ্যাকাউন্ট ও তহবিলের প্রবেশাধিকার স্বাভাবিক রয়েছে এবং দ্রুত সমস্যা সমাধানের কাজ চলছে।
ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক জেলের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রেও গ্রাহকরা সমস্যার মুখে পড়েন। তবে সেবাটির মূল পরিচালনা প্রতিষ্ঠান আর্লি ওয়ার্নিং সার্ভিসেস জানায়, তাদের নেটওয়ার্ক স্বাভাবিকভাবে কাজ করছিল এবং ব্যাংকগুলোর অভ্যন্তরীণ জটিলতার কারণে এই বিলম্ব হতে পারে।
পিটসবার্গভিত্তিক পিএনসি ব্যাংক ও নর্থ ক্যারোলাইনার ট্রুস্ট ব্যাংক জানায়, তাদের নিজস্ব সিস্টেমে কোনো সরাসরি প্রভাব পড়েনি। দুপুরের পর থেকে অভিযোগের সংখ্যা কমতে শুরু করলেও বেশ কিছু ব্যাংকে গ্রাহকদের অসন্তোষ বজায় ছিল।
এই বিঘ্নের সঠিক কারণ তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি এবং ব্যাংকগুলোর শেয়ারের দামে এর নেতিবাচক প্রভাব পড়েছে। ব্যাংক অব আমেরিকা ও জেপি মরগানের মতো বড় প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম সোমবার প্রায় দুই শতাংশ কমে যায়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন