নভেম্বর ১৬, ২০২৬, ১১:২৪ পিএম
ইরানের মিনাবের একটি স্কুলে হামলা চালিয়ে ১৬৮ শিশুকে হত্যার নির্দেশদাতা মার্কিন নৌবাহিনীর দুই কর্মকর্তাকে নতুন করে ফের হুমকি দিয়েছে তেহরান। দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত ইরানের দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পুরোনো একটি পোস্ট শেয়ার করে এই কড়া হুঁশিয়ারি দিয়েছে। ওই দুই মার্কিন কর্মকর্তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করে চার শব্দের এক বাক্যে বলা হয়েছে, আমরা তোমাদের খুঁজে বের করব।
হুমকির মুখে পড়া দুই কর্মকর্তা হলেন ইউএসএস স্প্রুয়ান্স রণতরীর কমান্ডিং অফিসার কমান্ডার লেই আর টেট এবং নির্বাহী কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার জেফরি ই ইয়র্ক। মধ্যপ্রাচ্যে প্রায় এক বছরের অভিযান শেষ করে এই যুদ্ধজাহাজটি সম্প্রতি সান দিয়েগো ঘাঁটিতে ফিরেছে। ইরানের দাবি, এই দুই কর্মকর্তার নির্দেশেই মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল।
গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর মিনাবের ওই স্কুলে অন্তত একটি মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে শতাধিক শিশুসহ বহু মানুষ নিহত হয়। ওয়াশিংটন এই ক্ষেপণাস্ত্র হামলার জন্য কখনো ক্ষমা চায়নি বলে অভিযোগ করেছে তেহরান। নিহত কিছু শিশুর মরদেহের খোঁজ এখনো পাওয়া যায়নি এবং তাদের কোনো কবরও নেই বলে জানানো হয়েছে।
ইরান যাতে জ্যেষ্ঠ কোনো মার্কিন কর্মকর্তার ওপর হামলা না চালায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে এমন সতর্কবার্তা দেওয়ার একদিন পর এই হুমকি এল। ট্রাম্প সম্প্রতি এক সাক্ষাৎকারে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, কোনো জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাকে হত্যা করা হলে ইরান আর বেশি দিন অস্তিত্বশীল থাকবে না। এর আগে ইরানের হুমকির মুখে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই উত্তেজনা এখন চরম পর্যায়ে পৌঁছেছে। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাই পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র আবারও হামলা চালালে ইউরোপে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানবে তেহরান। জাহাজটি দেশে ফেরার দিনেই এর দুই শীর্ষ কর্মকর্তাকে এমন প্রকাশ্য হুমকির ঘটনা হোয়াইট হাউস ও পেন্টাগনের জন্য বড় একটি সতর্কসংকেত হিসেবে দেখা হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন