সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬,

মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি

জাতীয় ডেস্ক

নভেম্বর ১৬, ২০২৬, ১০:১৯ পিএম

মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি

মওলানা আবদুল হামিদ খান ভাসানী।

মওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন উপমহাদেশের রাজনীতি এবং মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব। মঙ্গলবার মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা বলেন।

দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি শোষণ, বঞ্চনা, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। কৃষক, শ্রমিক ও সাধারণ মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি নিরলসভাবে কাজ করেছিলেন বলে বাণীতে উল্লেখ করা হয়।

তার আপসহীন সংগ্রামী জীবন ও সাধারণ মানুষের প্রতি গভীর মমত্ববোধ তাকে মজলুম জননেতা হিসেবে মানুষের অন্তরে চিরস্থায়ী আসন দিয়েছে। ঔপনিবেশিক শাসনবিরোধী আন্দোলন থেকে শুরু করে কৃষক আন্দোলন ও ভাষা আন্দোলনে তার ভূমিকা অনন্য।

যুক্তফ্রন্টের নির্বাচন, স্বায়ত্তশাসনের দাবি এবং স্বাধিকার ও স্বাধীনতার সংগ্রামের প্রতিটি পর্যায়ে তিনি সক্রিয় ছিলেন। ১৯৪৯ সালের ২৩ জুন গঠিত তৎকালীন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ-H প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মওলানা ভাসানী।

পরবর্তীতে তিনি ১৯৫৭ সালের ২৫ জুলাই ন্যাশনাল আওয়ামী পার্টি বা ভাসানী ন্যাপ প্রতিষ্ঠা করেন। ১৯৫৭ সালের ঐতিহাসিক কাগমারী সম্মেলনে তিনি প্রথম বাংলাদেশের স্বাধীনতার কথা বলেছিলেন।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় তিনি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেন। ওই সময়ে তিনি প্রবাসী সরকারের উপদেষ্টা হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন।

স্বাধীনতার পরও জাতীয় স্বার্থ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন আন্দোলনে তিনি সমানভাবে সক্রিয় ছিলেন। ১৯৭৬ সালে গঙ্গার পানির ন্যায্য হিস্যার দাবিতে তার নেতৃত্বে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ অনুষ্ঠিত হয়।

ফারাক্কা লংমার্চ দেশের অধিকার আদায়ের লড়াইয়ে কূটনৈতিক ও রাজনৈতিক প্রজ্ঞার এক উজ্জ্বল দৃষ্টান্ত। মঙ্গলবার নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশজুড়ে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছে।