সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬,

নবম শ্রেণি থেকে বাধ্যতামূলক ভোকেশনাল শিক্ষা চালু হচ্ছে: প্রধানমন্ত্রী

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৬, ২০২৬, ০৮:৩৫ পিএম

নবম শ্রেণি থেকে বাধ্যতামূলক ভোকেশনাল শিক্ষা চালু হচ্ছে: প্রধানমন্ত্রী

জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কুল-কলেজে নবম শ্রেণি থেকে ভোকেশনাল শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে। সোমবার সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনের মাগরিবের নামাজের বিরতিতে সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তোমাদের সবাইকে সঠিকভাবে গড়ে তুলতে হবে। পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা, ভাষা শিক্ষা ও পরিবেশ সচেতনতার ওপর বিশেষ জোর দিতে হবে। নতুন কুঁড়ি স্পোর্টসে ছয়-সাতটি খেলা থাকবে এবং শিক্ষার্থীরা নিজেদের পছন্দমতো খেলা বেছে নিতে পারবে।

মাতৃভাষার পাশাপাশি অতিরিক্ত একটি ভাষা শেখার সুযোগ থাকবে জানিয়ে তিনি বলেন, ইংরেজি, মান্দারিন ও জাপানিজসহ ছয়-সাতটি ভাষার মধ্য থেকে পছন্দের ভাষা বেছে নেওয়ার সুযোগ থাকবে। ঢাকাকে পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা পালনের পাশাপাশি পরিবেশ রক্ষায় বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

পরিবেশ রক্ষার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আপনজনদের জন্মদিনে তাদের গাছ উপহার দেবে। বেশি বেশি গাছ লাগালে পরিবেশ ভালো হবে এবং এর লাভ আমাদের সবার। মানুষ সৃষ্টির সেরা জীব হওয়ায় প্রকৃতি ও প্রাণিকুলের প্রতি দায়িত্বশীল হওয়ার তাগিদ দেন তিনি।

ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের মাধ্যমে দোহার উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও শিক্ষক, মণিপুর উচ্চবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষক এবং চাঁদপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সংসদ ভবন পরিদর্শন করেন। এ সময় শিক্ষার্থীরা সংক্ষিপ্ত ব্রিফিং, লাইব্রেরি পরিদর্শন এবং উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন।