নভেম্বর ১৬, ২০২৬, ০৬:১৯ পিএম
আগামী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান গণমাধ্যমকে এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। নির্বাচন-পরবর্তী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন এবং নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে এই সফরের আয়োজন করা হচ্ছে।
সফরকালে প্রধানমন্ত্রী কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। এর ফলে জেলার স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়ন ও সাধারণ মানুষের চিকিৎসাসুবিধা বাড়বে বলে আশা করা হচ্ছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের বিষয়গুলো এই সফরে বিশেষ গুরুত্ব পাবে।
পাশাপাশি জেলার ঐতিহ্যবাহী শিল্পপ্রতিষ্ঠান কুষ্টিয়া সুগার মিল লিমিটেড ও মোহিনী মিলস লিমিটেডের অর্থনৈতিক পুনরুজ্জীবন নিয়ে আলোচনা করার কথা রয়েছে। দীর্ঘদিন ধরে নানা সংকট ও অব্যবস্থাপনায় থাকা এসব প্রতিষ্ঠানের কার্যক্রম সচল করা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফর এই অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার এই সফরের মধ্য দিয়ে কুষ্টিয়ার উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন