রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬,

শিক্ষার্থীদের জন্য তিনটি বিশেষ পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৬, ০৭:৩২ পিএম

শিক্ষার্থীদের জন্য তিনটি বিশেষ পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে সচেতন ও আগ্রহী হয়ে উঠবে বলে গভীর আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে রাজনীতিতে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আগে শিক্ষার্থীদের নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ জোর দিয়েছেন তিনি। একই সঙ্গে এইচএসসি পরীক্ষায় কৃতকার্য মেধাবী শিক্ষার্থীদের জীবন গঠনে তিনটি নির্দিষ্ট বিষয়ে বিশেষ পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

আজ রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনের বিরতিকালে সংসদ ভবনে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই পরামর্শ দেন। এ সময় লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৪১ জন শিক্ষার্থীসহ মোট ৬ জন শিক্ষক ও অভিভাবক উপস্থিত ছিলেন। এছাড়া দ্য আগা খান একাডেমির দশম ও একাদশ শ্রেণির ২৭ জন শিক্ষার্থী ও শিক্ষক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরাও এই সংসদ পরিদর্শনে অংশ নেন।

শিক্ষার্থীদের জীবনমুখী ও সমাজসচেতন করে তুলতে প্রধানমন্ত্রী যে তিনটি প্রধান পরামর্শ দিয়েছেন তার প্রথমটি হলো পরিষ্কার-পরিচ্ছন্নতা। নিজেদের শহর, নিজ বাড়ি ও চারপাশের পরিবেশ সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ময়লা-আবর্জনা যেখানে-সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।

দ্বিতীয়ত, বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার তাগিদ দিয়ে তিনি পরামর্শ দেন যে, বর্ষাকালে নিজের কিংবা পরিবারের যেকোনো সদস্যের জন্মদিন উপলক্ষে অন্তত একটি করে গাছ লাগাতে হবে। তৃতীয়ত, পশুপাখিসহ প্রকৃতির সব প্রাণীর প্রতি সদয় ও মানবিক আচরণ করার জন্য শিক্ষার্থীদের বিশেষভাবে আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এর আগে সংসদ ভবনে পৌঁছানোর পর শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন ও এর কার্যাবলি সম্পর্কে একটি সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন। এ সময় তারা ঐতিহ্যবাহী সংসদ লাইব্রেরি ঘুরে দেখেন এবং জাতীয় সংসদের চলমান অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করার সুযোগ পান। কার্যক্রমের শেষ পর্যায়ে শিক্ষার্থীরা সংসদ ভবনের উত্তর প্লাজায় একটি ফটোসেশনে অংশ নেন।

সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম।