রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬,
কৃষি রফতানি

২০২৫-২৬ অর্থবছরে ১২ কোটি ৬৩ লাখ ডলারের ফল রফতানি করেছে বাংলাদেশ

জাতীয় ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৬, ০৬:৪৩ পিএম

২০২৫-২৬ অর্থবছরে ১২ কোটি ৬৩ লাখ ডলারের ফল রফতানি করেছে বাংলাদেশ

২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ১২ কোটি ৬৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলারের ফল রফতানি করেছে বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য মো. সাদিক রিয়াজের (দিনাজপুর-২) তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী জানান, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা, চীন, ভারত, জাপান, মালয়েশিয়া, সৌদি আরব, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন আন্তর্জাতিক বাজারে ফল রফতানি করে আসছে বাংলাদেশ। এছাড়া জার্মানি, ডেনমার্ক, ফ্রান্স, গ্রিস, হংকং, আয়ারল্যান্ড, ইতালি, কুয়েত, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, ওমান, পোল্যান্ড, পর্তুগাল, কাতার, সুইডেন, সিঙ্গাপুর ও ভিয়েতনামসহ বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলেও ফল রফতানি করা হচ্ছে।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আমসহ কৃষিপণ্যের রফতানি সম্প্রসারণ ও বাজার বহুমুখীকরণে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। আম ও আমজাত পণ্যের রফতানি সম্ভাবনা ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে ২০২৩ সালের ১৯ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জে একটি সেমিনার আয়োজন করা হয়। এছাড়া ২০২৫ সালের ইপিবির ভাইস চেয়ারম্যানের উপস্থিতিতে স্থানীয় আমচাষি, রফতানিকারক ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিশেষ করে চীনে আম রফতানিসহ কৃষিপণ্যের রফতানি সম্প্রসারণে চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের (জিএসিসি) নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে রফতানিকারকদের সার্বিক সহযোগিতা দিয়েছে ইপিবি। ইপিবির সহযোগিতায় চট্টগ্রামের মেরিডিয়ান অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইতোমধ্যেই জিএসিসির নিবন্ধন লাভ করেছে। এছাড়া সেফ ইন্টারন্যাশনাল করপোরেশন এবং এমটিবি অ্যাগ্রো অ্যান্ড গার্ডেনের দাখিল করা প্রশ্নমালা প্রক্রিয়া করে ২০২৩ সালের ৭ জুন চীনে বাংলাদেশ দূতাবাসের বাণিজ্য কাউন্সেলরের কাছে পাঠানো হয়েছে।

কৃষিপণ্য রফতানির প্রয়োজনীয় অবকাঠামো ও প্রক্রিয়া পর্যালোচনার জন্য ইপিবির ভাইস চেয়ারম্যান ২০২৬ সালের জুলাই মাসে ঢাকার গাবতলীতে অবস্থিত ভ্যাপার হিট ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শন করেন। এছাড়া ২০২৬ সালের আগস্ট মাসে চীনসহ আন্তর্জাতিক বাজারে আম, কাঁঠাল ও অন্যান্য কৃষিপণ্য রফতানি, জিএসিসি নিবন্ধন এবং বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার বিষয়ে অংশীজনদের নিয়ে সভা করেছে ইপিবি।

জিএসিসি নিবন্ধন, অন্যান্য দেশের নিবন্ধন প্রক্রিয়া, উদ্ভিদ সঙ্গনিরোধসংক্রান্ত শর্ত এবং রফতানি বিধিবিধান সম্পর্কে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও রফতানিকারকদের প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে ইপিবি। এর অংশ হিসেবে ২০২৬ সালের মে মাসে বান্দরবানের লামায় আমচাষি ও কৃষকদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়, যেখানে উৎপাদন, রোগবালাই ব্যবস্থাপনা, প্যাকেজিং এবং শোধন প্রক্রিয়া নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

বাণিজ্যমন্ত্রী আরও জানান, দেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের রফতানি সম্ভাবনা যাচাইয়ে ইপিবি একটি বিস্তারিত সমীক্ষা গ্রহণ করেছে। এই সমীক্ষার মাধ্যমে সম্ভাবনাময় জিআই পণ্যের উৎপাদন সক্ষমতা, মান, আন্তর্জাতিক বাজারে চাহিদা এবং রফতানি গন্তব্য চিহ্নিত করা হবে এবং ইতোমধ্যে সমীক্ষা প্রতিষ্ঠান নিয়োগের কার্যপরিধি চূড়ান্ত করা হয়েছে।