নভেম্বর ১৫, ২০২৬, ০৬:২১ পিএম
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা তারকা চিহ্নিত প্রশ্ন করতে সংসদে দাঁড়াতেই তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশন চলাকালে এই ঘটনা ঘটে। অধিবেশনের সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
ডেপুটি স্পিকার আমির হামজাকে প্রশ্ন করার জন্য আহ্বান জানানোর পর তিনি নিজ আসনে উঠে দাঁড়ান। এ সময় সরকারদলীয় বেশ কিছু সংসদ সদস্য হইচই শুরু করলে সংসদের পরিবেশ মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে। তবে বিশৃঙ্খলার একপর্যায়ে সরকারদলীয় অনেক সংসদ সদস্যই তাদের থামানোর জন্য ইশারা করেন।
পরিস্থিতি শান্ত হলে সংসদ সদস্য আমির হামজা খাদ্যমন্ত্রীকে উদ্দেশ করে প্রশ্ন করেন, কুষ্টিয়া জেলার সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাওয়ার লক্ষ্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ফসল কেনার সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা হবে কি না।
জবাবে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা জানান, অভ্যন্তরীণ আমন ও বোরো সংগ্রহ মৌসুমে সরকার দেশব্যাপী খাদ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে থাকে। সেই ধারাবাহিকতায় কুষ্টিয়ার সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বর্তমান আমন সংগ্রহ মৌসুমেও সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করবে।
তিনি আরও জানান, গত ১৪ নভেম্বর থেকে ধান সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে চাল সংগ্রহ শুরু হবে, যা ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে চলমান থাকবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন