নভেম্বর ১৫, ২০২৬, ০৫:২৬ পিএম
যুক্তরাজ্য, ডেনমার্ক, জার্মানি ও সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের ১১টি দেশে বাংলাদেশের লিচু রফতানি হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে লিচু রফতানি করে ৪ লাখ ২০ হাজার মার্কিন ডলার আয় করেছে বাংলাদেশ।
আজ রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের লিখিত জবাবে বাণিজ্যমন্ত্রী এই তথ্য জানান। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনের তারকা চিহ্নিত প্রশ্নোত্তর পর্বে দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য মো. সাদিক রিয়াজের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য তুলে ধরেন।
খন্দকার আব্দুল মুক্তাদির জানান, বর্তমানে বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রিয়া, বাহরাইন, জার্মানি, ডেনমার্ক, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, ওমান, কাতার ও সিঙ্গাপুরে লিচু রফতানি করা হচ্ছে।
লিচুসহ অন্যান্য কৃষিপণ্যের রফতানি সম্প্রসারণ ও বৈচিত্র্য আনতে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে বলেও সংসদকে অবহিত করেন বাণিজ্যমন্ত্রী।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন