শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬,

দেশকে অস্থিতিশীল করতে একটি গোষ্ঠী মরিয়া: বাণিজ্যমন্ত্রী

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৩, ২০২৬, ১১:৩৩ পিএম

দেশকে অস্থিতিশীল করতে একটি গোষ্ঠী মরিয়া: বাণিজ্যমন্ত্রী

সিলেট সার্কিট হাউসে নবনিযুক্ত সরকারি কৌঁসুলিদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী।

দেশকে অস্থিতিশীল করতে একটি গোষ্ঠী মরিয়া হয়ে অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা এবং সাধারণ মানুষের সচেতনতার কারণে তাদের ষড়যন্ত্র সফল হবে না বলে জানিয়েছেন তিনি। শুক্রবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে জেলার নবনিযুক্ত সরকারি কৌঁসুলি ও সরকারি উকিলদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।

ভারতে আত্মগোপনে থাকা সাবেক এক সংসদ সদস্যের সিলেটের গোয়াইনঘাট সীমান্তে সমাবেশ করা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অবৈধ এমপির কার্যক্রমও অবৈধ। ভবিষ্যতে যাতে কেউ সীমান্ত এলাকায় এ ধরনের বিশৃঙ্খল কর্মকাণ্ড করার সুযোগ না পায়, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নজরদারি রাখবে বলে আশ্বস্ত করেন তিনি।

এর আগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় খন্দকার আব্দুল মুক্তাদির বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেন। সমাজ থেকে অপরাধ নির্মূলে মাদক ও জুয়া-সংক্রান্ত মামলাগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে পরিচালনা করতে হবে বলে জানান তিনি। কোনো অপরাধী যাতে আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যেতে না পারে, তা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

মাদকাসক্তি শুধু একজন ব্যক্তির সমস্যা নয় বরং এটি পরিবার ও রাষ্ট্রের জন্যও মারাত্মক ক্ষতিকর বলে উল্লেখ করেন মন্ত্রী। অনলাইন জুয়ার কারণে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, এসব অপরাধের মামলায় সরকারি আইন কর্মকর্তাদের বিশেষ সতর্কতা ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। রাজনৈতিক পরিচয়ে কেউ যাতে অপরাধ করে পার পেয়ে যেতে না পারে, সেদিকেও নজর রাখতে হবে।

বিচারপ্রার্থী মানুষের অধিকাংশই আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় তাঁদের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে আইনি প্রক্রিয়া সহজ করার তাগিদ দেন বাণিজ্যমন্ত্রী। আদালতে আসা সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেদিকে সজাগ দৃষ্টি রাখার নির্দেশনা দিয়ে মতবিনিময় সভার কার্যক্রম শেষ হয়।