নভেম্বর ১৩, ২০২৬, ০৮:৫০ পিএম
কক্সবাজারের বিভিন্ন উপজেলায় মৌলভী ছাইদুল হক ফাউন্ডেশনের আয়োজনে শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী, কুতুবদিয়া ও মহেশখালীর ছয়টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা গ্রহণ করা হয়। সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়, ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয়, চকরিয়া মহিলা কলেজ ও মালুমঘাট আইডিয়াল স্কুল। এ ছাড়া কুতুবদিয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ এবং মহেশখালী মডেল হাই স্কুলেও এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, এবারের পরীক্ষায় তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির মোট দুই হাজার আটানব্বই জন শিক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সাতান্ন জন, ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনশো আটত্রিশ জন, মালুমঘাট আইডিয়াল স্কুল কেন্দ্রে দুইশো পনেরো জন এবং চকরিয়া মহিলা কলেজ কেন্দ্রে সাতান্ন জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। অন্যদিকে, মহেশখালী মডেল হাই স্কুল কেন্দ্রে তিনশো বারো জন এবং কুতুবদিয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পাঁচশো ঊনষাট জন শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষার্থীদের মেধা যাচাই, পড়াশোনায় আগ্রহ সৃষ্টি এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে মৌলভী ছাইদুল হক ফাউন্ডেশন এই বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। ২০০১ সাল থেকে প্রতিবছর এই মেধা বৃত্তি পরীক্ষা নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পিএ ছফোয়ানুল করিম জানান, দক্ষিণ চট্টগ্রামের মধ্যে এটি সবচেয়ে বড় বৃত্তি পরীক্ষার আয়োজন। একই দিনে শুক্রবার পাঁচটি উপজেলায় এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এই বৃত্তি পরীক্ষার প্রবর্তন করেছিলেন এবং শিক্ষার্থীদের মধ্যে এর ইতিবাচক সুফল ইতোমধ্যে পরিলক্ষিত হচ্ছে। এই পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভবিষ্যতে সমাজের গুরুত্বপূর্ণ ও প্রতিষ্ঠিত ব্যক্তি হিসেবে গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এদিকে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার বলেন, শিক্ষার্থী ও অভিভাবকদের চাহিদার কথা বিবেচনায় নিয়ে এই বৃত্তি পরীক্ষা পুরো জেলাজুড়ে, এমনকি জাতীয় পর্যায়েও আয়োজন করা উচিত। কারণ, এ ধরনের বৃত্তি পরীক্ষা দেশের সামগ্রিক শিক্ষার মানোন্নয়নে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে। ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছর কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এই মেধা বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়ে থাকে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন