নভেম্বর ১৩, ২০২৬, ০৭:৪৯ পিএম
সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি ও জটিলতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। এবারের বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’。
বাণীতে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরাও যথাযথ চিকিৎসা এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে সুস্থ, স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন। একই সঙ্গে যারা এখনো এ রোগে আক্রান্ত হননি, তাদেরও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ এবং শরীরচর্চার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধে সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি। ডায়াবেটিস বর্তমানে বিশ্বব্যাপী অন্যতম প্রধান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে এবং বাংলাদেশেও এই রোগে আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে।
তারেক রহমান বলেন, ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে হৃদযন্ত্র, কিডনি ও চোখসহ শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে এবং এর জটিলতা জীবনহানির কারণও হতে পারে। তবে সময়মতো রোগ শনাক্তকরণ, সঠিক চিকিৎসা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম এবং সচেতন জীবনযাপনের মাধ্যমে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে তিনি জানান। প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা গড়ে তোলা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার।
একটি সুস্থ ও কর্মক্ষম জনগোষ্ঠী দেশের উন্নয়ন ও সমৃদ্ধির প্রধান ভিত্তি উল্লেখ করে সরকারপ্রধান বলেন, সুস্বাস্থ্য শুধু ব্যক্তির জীবনমান উন্নত করে না, বরং পরিবার, সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক অগ্রযাত্রাকেও গতিশীল করে। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে প্রতিবছরের মতো এবারও বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হচ্ছে। বাংলাদেশের উদ্যোগ ও প্রচেষ্টায় এই দিবসটি জাতিসংঘের স্বীকৃতি লাভ করেছে বলে জানান তিনি।
প্রতিষ্ঠানটির ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ডায়াবেটিস প্রতিরোধ, চিকিৎসাসেবা সম্প্রসারণ, গবেষণা এবং জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের মানুষের দোরগোড়ায় ডায়াবেটিস চিকিৎসা ও প্রতিরোধসেবা পৌঁছে দিতে প্রতিষ্ঠানটির নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আগামী দিনগুলোতেও সমিতি তাদের সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সব সদস্য, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন তিনি। ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সরকারের প্রয়োজনীয় সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বাণীতে উল্লেখ করা হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন