নভেম্বর ১৩, ২০২৬, ০৭:৩৪ পিএম
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের খাদ্য ব্যয় কমানো এবং সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রাপ্তি নিশ্চিত করতে বিশেষ খোলাবাজারে পণ্য বিক্রয় (ওএমএস) কর্মসূচি চালু করেছে সরকার। শুক্রবার থেকে শুরু হওয়া এ কর্মসূচির আওতায় দেশের প্রতিটি পোশাকশ্রমিক মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল ৩০ টাকা কেজি দরে কেনার সুযোগ পাচ্ছেন।
নিম্ন আয়ের ও প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সাশ্রয়ী মূল্যে সরবরাহ করা বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রধান অঙ্গীকার ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সেই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের ধারাবাহিকতায় পোশাকশিল্পের বিপুলসংখ্যক শ্রমিকের খাদ্যনিরাপত্তা নিশ্চিত ও জীবনযাত্রার ব্যয় কমাতে এ বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সরকারের এ উদ্যোগের ফলে বর্তমান বাজারদরের তুলনায় অনেক কম মূল্যে চাল কেনার সুযোগ পাচ্ছেন পোশাকশ্রমিকরা। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির চাপে থাকা শ্রমজীবী মানুষের সংসারের খাদ্য ব্যয় কমাতে কর্মসূচিটি অত্যন্ত সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ঢাকা মহানগরী, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মোট ৬৬টি ট্রাকসেলের মাধ্যমে এ চাল বিক্রি করা হচ্ছে। প্রতিটি ট্রাকে পাঁচ মেট্রিক টন করে প্রতি শুক্রবার মোট ৩৩০ মেট্রিক টন চাল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।
তথ্যানুযায়ী, ঢাকা মহানগরীতে ছয়টি ট্রাকসেলের মাধ্যমে ৩০ মেট্রিক টন, সাভারে আটটি ট্রাকসেলের মাধ্যমে ৪০ মেট্রিক টন, ধামরাইয়ে দুটি ট্রাকসেলের মাধ্যমে ১০ মেট্রিক টন, গাজীপুরে ত্রিশটি ট্রাকসেলের মাধ্যমে ১৫০ মেট্রিক টন, নারায়ণগঞ্জে দশটি ট্রাকসেলের মাধ্যমে ৫০ মেট্রিক টন এবং চট্টগ্রামে দশটি ট্রাকসেলের মাধ্যমে ৫০ মেট্রিক টন চাল বিক্রি করা হচ্ছে।
প্রতি শুক্রবার দুই দফায় এ বিক্রয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রথম দফায় সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট এবং দ্বিতীয় দফায় দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত চাল বিক্রি করা হচ্ছে। তবে চালের মজুত থাকা সাপেক্ষে এ কার্যক্রম পরিচালিত হবে।
কর্মসূচির সুবিধা পেতে সংশ্লিষ্ট তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। পাশাপাশি চাল সংগ্রহের সময় সংশ্লিষ্ট কারখানার মাস্টার রোলে স্বাক্ষর করতে হবে। এ পদ্ধতির মাধ্যমে প্রকৃত পোশাকশ্রমিকদের কাছেই কর্মসূচির সুবিধা পৌঁছানো নিশ্চিত করার ব্যবস্থা রাখা হয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন খাদ্য অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। কার্যক্রমের স্বচ্ছতা, জবাবদিহি ও সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয় এবং খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে পৃথক মনিটরিং টিম গঠন করা হয়েছে। এসব টিম সরেজমিনে কার্যক্রম পরিদর্শন ও তদারকি করছে এবং প্রতিটি ট্রাকের বিপরীতে একজন করে তদারকি কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।
বিশেষ ওএমএস কর্মসূচির প্রথম দিন শুক্রবার সকাল থেকেই নির্ধারিত ট্রাকসেল কেন্দ্রগুলোতে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের দীর্ঘ উপস্থিতি দেখা গেছে। শ্রমিকরা নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্র প্রদর্শন এবং মাস্টার রোলে স্বাক্ষর করে সুশৃঙ্খলভাবে চাল সংগ্রহ করেছেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, এ উদ্যোগ পোশাকশ্রমিকদের খাদ্য ব্যয় হ্রাসের পাশাপাশি তাদের খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন