শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬,

জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম জয়

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৩, ২০২৬, ০৭:৪০ পিএম

জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম জয়

ছবি: সংগৃহীত

আইসিসি ইমার্জিং নেশন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হেরে হতাশার সূচনা করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে টাইগ্রেসরা। জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে নাহিদা আক্তারের দল।

সংযুক্ত আরব আমিরাতের আজমানে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ে নারী দলকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশ নারী দল।

ম্যাচে টস হেরে প্রথমে বোলিংয়ে নামে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩১ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে নারী দল। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন চিপো মুগেরি-তিরিপানো। এছাড়া অধিনায়ক জোসেফিন এনকোমো ২৯ বলে ৩৫ রান এবং কেলিস এনধলোভ ২৬ বলে ২২ রান করেন।

বাংলাদেশের বোলিং আক্রমণে সফল ছিলেন রাবেয়া খান। তিনি চার ওভারে মাত্র ২৬ রান খরচ করে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। এছাড়া দিশা বিশ্বাস নেন ২ উইকেট।

১৩২ রানের সহজ জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতেই বড় সংগ্রহ পায় টাইগ্রেসরা। সাথী রানী ৪৩ বলে ৬টি চারের সাহায্যে ৪৫ রান করে সাজঘরে ফেরেন। দলীয় ১০৪ রানে সাথী আউট হলেও ম্যাচ জয়ের পথ সহজ করে দেন দিলারা আক্তার।

দিলারা অনবদ্য ব্যাটিং করে ৪৯ বলে ৮টি চারের সাহায্যে ৬৮ রান করে অপরাজিত থাকেন। তার এই ঝোড়ো ইনিংসের সুবাদে ১৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। শারমিন আক্তার ৬ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।