শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬,

টেলিভিশন সিরিজে অভিনয় ও প্রযোজনায় নাম লেখালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

খেলাধুলা ডেস্ক

নভেম্বর ১৩, ২০২৬, ১১:৫৮ এএম

টেলিভিশন সিরিজে অভিনয় ও প্রযোজনায় নাম লেখালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

ছবি: সংগৃহীত

সবুজ মাঠের রাজত্ব ছাড়িয়ে এবার বিনোদন জগতের পর্দায় নতুন পরিচয়ে হাজির হতে যাচ্ছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। ফুটবল মাঠের বাইরে নতুন চ্যালেঞ্জ হিসেবে এবার টেলিভিশন সিরিজ প্রযোজনা ও অভিনয়ে নাম লিখিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। তাঁর প্রথম টেলিভিশন সিরিজ ‘ডে ওয়ানস’-এর প্রযোজনার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে এই নতুন উদ্যোগের খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ৪১ বছর বয়সী আল নাসর ফরোয়ার্ড। সেখানে তিনি লিখেছেন, দারুণ খবর! আমার প্রথম টিভি শো ডে ওয়ানসের প্রযোজনার কাজ শুরু হয়েছে। সামনে আরও খবর আসছে।

ব্রিটিশ ফুটবল অঙ্গনকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে এই সিরিজটি। এটি মূলত একটি চিত্রনাট্যনির্ভর ড্রামা, যেখানে ফুটবলের মাঠের বাইরের অজানা ও রোমাঞ্চকর ব্যবসায়িক জগৎ ফুটিয়ে তোলা হবে। বিশেষ করে প্রভাবশালী ফুটবল এজেন্সিকে কেন্দ্র করে ক্ষমতার দ্বন্দ্ব, জটিল চুক্তি-আলোচনা এবং বিভিন্ন পক্ষের সম্পর্কের নানা দিক এই সিরিজে তুলে ধরা হবে বলে জানা গেছে।

আলোচিত এই সিরিজে স্ট্যানলি ডালটন নামের একজন প্রভাবশালী ফুটবল এজেন্টের চরিত্রে অভিনয়ের কথা রয়েছে অভিনেতা ড্যামিয়ান লুইসের। জনপ্রিয় সিরিজ ‘হোমল্যান্ড’ ও ‘বিলিয়নস’-এ অভিনয়ের সুবাদে বিশ্বজুড়ে পরিচিতি রয়েছে তাঁর। এ ছাড়া সাবেক আর্সেনাল ও ফ্রান্সের তারকা ফুটবলার থিয়েরি অঁরি এবং ব্রিটিশ র‍্যাপার ডেভেরও এই প্রকল্পের সঙ্গে যুক্ত থাকার কথা রয়েছে। সিরিজটিতে একটি বিশেষ অতিথি চরিত্রে অঁরির উপস্থিত থাকার সম্ভাবনাও রয়েছে।

ক্রিশ্চিয়ানো রোনালদো এবং প্রখ্যাত ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ম্যাথিউ ভনের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত স্বাধীন প্রযোজনা প্রতিষ্ঠান ইউআর-মার্ভ স্টুডিওস এই সিরিজটি নির্মাণ করছে। মূলত চলচ্চিত্র ও টেলিভিশন জগতে নিজেদের সৃজনশীল উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ২০২৫ সালে এই যৌথ উদ্যোগের যাত্রা শুরু হয়েছিল।

আসন্ন এই সিরিজে নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালনের পাশাপাশি চিত্রনাট্যনির্ভর অভিনয়েও অভিষেক হতে যাচ্ছে রোনালদোর। এর আগে ফুটবল খেলার পাশাপাশি ফ্যাশন, আতিথেয়তা ও গণমাধ্যম ব্যবসায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন তিনি। এবার বিনোদন জগতেও নতুন এক পরিচয় গড়ার পথে আত্মবিশ্বাসী পদচারণা শুরু করলেন এই পর্তুগিজ তারকা।