নভেম্বর ১৩, ২০২৬, ১১:৫০ এএম
বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের দীপাবলির সাজে পবিত্র কোরআনের আয়াত খোদাই করা পান্নার লকেট পরা নিয়ে চলমান বিতর্কের মাঝেই নতুন করে আলোচনায় এসেছেন দীপিকা পাড়ুকোন। সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়েছে ২০২২ সালের কান চলচ্চিত্র উৎসবে তার পরা একটি বিশেষ গয়নার ছবি। ওই গয়নায় আরবি ভাষায় খোদাই করা ছিল ‘ফি আমানিল্লাহ’, যার বাংলা অর্থ ‘আল্লাহর নিরাপত্তায়’।
২০২২ সালে কান চলচ্চিত্র উৎসবের বিচারকের দায়িত্ব পালন করেছিলেন দীপিকা। ওই আসরে ভারতের বিখ্যাত ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জির নকশা করা একটি বিশেষ গয়না পরেছিলেন তিনি। সব্যসাচীর ‘ট্রপিক অব ক্যালকাটা’ সংগ্রহের অংশ ছিল এই গয়নাটি। পশ্চিমা পোশাকের সঙ্গে তিনি ‘লখনউ রোজ’ নামের একটি বিশেষ নেকলেস পরেছিলেন, যেখানে অপরিশোধিত হীরা ও রত্নপাথরের পাশাপাশি খোদাই করা ছিল ‘ফি আমানিল্লাহ’ কথাটি। সেই সময় এটি কেবল ফ্যাশনের অংশ হলেও, সাম্প্রতিক বিতর্কের জেরে পুরোনো সেই ছবি ও তথ্য নতুন করে নেটদুনিয়ায় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
২০২৬ সালের দীপাবলিতে কারিনা কাপুর খানের পরা একটি পান্নার লকেট ঘিরেই মূলত এই বিতর্কের সূত্রপাত হয়। ৩০ ক্যারেটের ওই প্রাচীন পান্নার লকেটে পবিত্র কোরআনের আয়াতুল কুরসি খোদাই করা ছিল। কারিনার স্টাইলিস্ট রিয়া কাপুর জানিয়েছিলেন যে গয়নাটি ভোপালের রাজপরিবারের উত্তরাধিকার সূত্রে পাওয়া। তবে ফ্যাশন অনুষঙ্গ হিসেবে পবিত্র কোরআনের আয়াত ব্যবহারের বিরোধিতা করে গত ১১ নভেম্বর মধ্যপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র আব্বাস হাফিজ তার আইনজীবীর মাধ্যমে কারিনা ও রিয়া কাপুরকে আইনি নোটিশ পাঠিয়েছেন। নোটিশে ছবি সরিয়ে ফেলা ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে।
আইনি এই নোটিশ ও বিতর্কের জেরে বলিউড অন্দরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একদিকে যেমন আপত্তি উঠেছে, অন্যদিকে ভোপালের কয়েকটি সংগঠন যেমন হিন্দু উৎসব সমিতি ও সংস্কৃতি বাঁচাও মঞ্চ কারিনার সমর্থনে এগিয়ে এসেছে। হিন্দু উৎসব সমিতির সভাপতি ক্ষমা চাওয়ার দাবির বিরোধিতা করেছেন। তবে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও ব্রুট ইন্ডিয়া সূত্রে জানা গেছে, এ বিষয়ে কারিনা কাপুর খান বা রিয়া কাপুরের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। কারিনার লকেট নিয়ে চলা এই বিতর্কের আবহেই কান উৎসবে দীপিকার পরা ‘ফি আমানিল্লাহ’ লেখা গয়নাটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন