শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬,
বাম্পার ফলন

বগুড়ার সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে সোনালি হাসি

কৃষি ডেস্ক

নভেম্বর ১৩, ২০২৬, ১১:০৬ এএম

বগুড়ার সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে সোনালি হাসি

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার দিগন্তজোড়া মাঠজুড়ে এখন পাকা সোনালি আমন ধানের শিষ দুলছে। কোথাও চলছে আগাম জাতের ধান কাটা ও মাড়াই, আবার কোথাও ধান ঘরে তোলার প্রস্তুতি হিসেবে উঠান-আঙিনায় ব্যস্ততা।

উপজেলা কৃষি অফিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, এ মৌসুমে ১৩ হাজার ১০০ হেক্টর জমিতে আমন ধানের চাষ করা হয়েছে। চর এলাকায় সামান্য কিছু জমিতে আবাদ করা হলেও বিল এলাকায় হয়েছে দিগন্তজোড়া আবাদ। বিশেষ করে বিল এলাকার ফুলবাড়ী, নারচী, ভেলাবাড়ী, কামালপুর, বোহাইল ও হাটশেরপুর ইউনিয়নের চাষিদের ব্যস্ততা এখন সবচেয়ে বেশি। অনুকূল আবহাওয়ায় এবার বাম্পার ফলনের আশা করছেন তারা।

গত মঙ্গলবার ফুলবাড়ী, নারচী, ভেলাবাড়ী, কামালপুর, বোহাইল ও হাটশেরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, আগাম জাতের আমন ধান কাটতে মাঠে নেমেছেন চাষিরা। কেউ কাস্তে হাতে ধান কাটছেন, কেউবা কাটা ধান আঁটি বেঁধে জমিতে স্তূপ করছেন। কোথাও আবার চলছে আধুনিক প্রযুক্তিতে মাড়াইয়ের কাজ। নিচু জমি ও আগাম রোপণ করা ধানক্ষেতে পাকা সোনালি শিষের আধিক্য দেখা গেছে। ধান কাটা, মাড়াই ও ঘরে তোলা নিয়ে গ্রামজুড়ে উৎসবের আমেজ তৈরি হয়েছে। কাঙ্ক্ষিত ফলনের পাশাপাশি এবার ধানের ন্যায্যমূল্যও নিশ্চিত হওয়ার আশা করছেন চাষিরা।

ফুলবাড়ী ইউনিয়নের হাটফুলবাড়ী গ্রামের চাষি শাহজান আলী সাজু বলেন, মৌসুমের শুরুতে বৃষ্টিপাত কম হওয়ায় ধান চাষ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। পরে আবহাওয়া অনুকূলে থাকায় পরিমাণমতো বৃষ্টিপাত হয়েছে। শিষ যেমন ভালো হয়েছে, ধানও হয়েছে দানাদার।

তিনি আরও বলেন, আগাম জাতের ধান কাটার পর ওই জমিতেই সরষের আবাদ করা হবে। বিআর-১১, ১০৩, ৯৩, ৪৯ ও বিআর-১০৩ সুগন্ধি ধানের বাম্পার ফলন হয়েছে। বিঘাপ্রতি ২২ থেকে ২৩ মণ করে ফলন পাওয়া যাচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, আবহাওয়া পুরো সময় অনুকূলে ছিল। এছাড়া কৃষি অফিসের কর্মকর্তারা মাঠপর্যায়ে নিয়মিত পরামর্শ দিয়েছেন।