নভেম্বর ১০, ২০২৬, ০৭:৫৭ পিএম
চলnti ২০২৬-২৭ অর্থবছরে সারা দেশ থেকে মোট সাড়ে আট লাখ টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে ৩ লাখ মেট্রিক টন আমন ধান এবং ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ৫০ হাজার মেট্রিক টন আতপ চালও সংগ্রহ করা হবে। দেশের ইতিহাসে অন্য যেকোনো সময়ের তুলনায় বর্তমানে সর্বোচ্চ পরিমাণ খাদ্য মজুত রয়েছে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের অগ্রগতি তুলে ধরেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এ সময় খাদ্য মন্ত্রণালয়ের বিস্তারিত তথ্য তুলে ধরে নতুন এই সংগ্রহের লক্ষ্যমাত্রা ও দাম ঘোষণা করা হয়।
ঘোষিত তথ্য অনুযায়ী, প্রতি কেজি আমন ধানের সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা। এ ছাড়া প্রতি কেজি সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দরে কেনা হবে। কৃষকের উৎপাদন খরচের সঙ্গে ন্যায্য লভ্যাংশ যুক্ত করেই এই সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়।
নির্ধারিত সময়ের মধ্যে এই কার্যক্রম পরিচালিত হবে। আগামী ১৪ নভেম্বর থেকে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান সংগ্রহ কার্যক্রম চলবে। অন্যদিকে আগামী ১ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চাল সংগ্রহ কার্যক্রম অব্যাহত থাকবে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ধান কৃষক বিক্রি করতে চাইলে তা কেনার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। বৈশ্বিক অনিশ্চয়তা ও সম্ভাব্য সংকট মোকাবিলায় খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়াও খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দেশের ৫৫ লাখ গ্রামীণ দরিদ্র পরিবারকে প্রতি কেজি ১৫ টাকা মূল্যে মাসিক ৩০ কেজি চাল এবং ৩০০টি উপজেলায় পুষ্টি চাল বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন