সোমবার, ১২ অক্টোবর, ২০২৬,

বীরগঞ্জে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

মোঃ আরিফ ইসলাম

মে ১৪, ২০২৬, ০২:২৬ পিএম

বীরগঞ্জে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ছবি-দিনাজপুর টিভি

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় চলতি অভ্যন্তরীণ বোরো মৌসুমে সরকারি ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে বীরগঞ্জ খাদ্যগুদামে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খালেদা আক্তার বানু, উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নবাব সলিমুল্লাহ, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন এবং চালকল মালিক গ্রুপের প্রতিনিধি তারেক। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-कर्मचारी, সংবাদকর্মী, চালকল মালিক ও স্থানীয় কৃষকরা অংশ নেন।

উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে কৃষকদের কাছ থেকে সম্পূর্ণ স্বচ্ছ ও ডিজিটাল পদ্ধতিতে ধান সংগ্রহ করা হবে। এ লক্ষ্যে কৃষকদের কাছ থেকে অ্যাপের মাধ্যমে ডিজিটাল আবেদন গ্রহণ করা হচ্ছে। পরবর্তীতে লটারির মাধ্যমে নির্দিষ্ট কৃষক নির্বাচন করা হবে এবং কেবল নির্বাচিত কৃষকরাই সরকারি খাদ্যগুদামে ধান সরবরাহ করতে পারবেন।

খাদ্য বিভাগ আরও জানায়, এ বছর বীরগঞ্জ উপজেলা খাদ্যগুদামে প্রতি কেজি ধান ৩৬ টাকা দরে মোট ১ হাজার ৪৬ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একই সাথে প্রতি কেজি সিদ্ধ চাল ৪৯ টাকা দরে ২ হাজার ৪২৮ টন চাল সংগ্রহ করা হবে।উদ্বোধনের প্রথম দিনেই কৃষকদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ১ টন ধান সংগ্রহ করা হয়েছে বলে খাদ্যগুদাম কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।