নভেম্বর ২৮, ২০২৬, ০৭:১১ পিএম
নারী ও শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহিত করার লক্ষ্যে দিনাজপুরের বোচাগঞ্জে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় সেতাবগঞ্জ বড়মাঠে বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিওর থ্রাইভ প্রকল্পের আয়োজনে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে ম্যাচের উদ্বোধন করেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

বেলুন উড়িয়ে উদ্বোধন. ছবি: দিনাজপুর টিভি
উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টনারশিপ ম্যানেজার ও সিনিয়র প্রোগ্রাম অ্যাডভাইজার (জেন্ডার ডাইভারসিটি অ্যান্ড অ্যাডভোকেসি) সাইবুন নেসা, বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আহসান হাবীব এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম।
এ সময় ইএসডিওর প্রকল্প সমন্বয়কারী কাজী মো. সিরাজুস সালেকিন, উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক আসাদুল হক চৌধুরী, অ্যাডভোকেট সায়েম আহমেদ, উপজেলা যুবদলের সদস্যসচিব রায়হান রুবেল, সেতাবগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক সবুজ সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শত শত ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
ম্যাচে বোচাগঞ্জ মহেশপুর আদিবাসী আশার আলো প্রমিলা ফুটবল দল দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে বীরগঞ্জ আদিবাসী মিশন একাডেমি প্রমিলা ফুটবল দলকে ৫-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে। এর মধ্য দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বোচাগঞ্জ মহেশপুর আদিবাসী আশার আলো দল। অন্যদিকে রানার্সআপ হয় বীরগঞ্জ আদিবাসী মিশন একাডেমি।

ট্রফি হস্তান্তর. ছবি: দিনাজপুর টিভি
আয়োজকদের এমন উদ্যোগ স্থানীয় পর্যায়ে নারী ও শিশুদের খেলাধুলায় আগ্রহী করে তোলার পাশাপাশি তাদের সুপ্ত প্রতিভা বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

পুরস্কার বিতরণ. ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন