নভেম্বর ২৮, ২০২৬, ০৭:০৪ পিএম
দিনাজপুরের ইতিহাসে রাজা রামনাথের নাম আজও স্মরণীয়। পিতা প্রাণনাথের অসমাপ্ত স্বপ্ন পূরণ করে তিনি এমন কিছু কীর্তি রেখে গেছেন, যা শত শত বছর পরও দিনাজপুরের পরিচয় বহন করছে।
রাজা প্রাণনাথের মৃত্যুর পর দত্তক পুত্র রামনাথ ১৭২২ সালে দিনাজপুর জমিদারির দায়িত্ব নেন। বাংলাপিডিয়ার তথ্য অনুযায়ী, ১৭৬০ সাল পর্যন্ত তিনি জমিদারি পরিচালনা করেন। তাঁর শাসনামলে দিনাজপুর রাজবংশ উত্তরবঙ্গের অন্যতম সর্ববৃহৎ ও প্রভাবশালী জমিদারি হিসেবে পরিচিতি পায়। বাংলার নবাবের কাছ থেকে তিনি জমিদারির স্বীকৃতিসূচক সনদ লাভ করেন।
রামনাথের সবচেয়ে বড় কীর্তি কান্তজিউ মন্দির। প্রাণনাথ মন্দির নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু জীবদ্দশায় শেষ করতে পারেননি। পিতার মৃত্যুর পর রামনাথ সেই অসমাপ্ত কাজের দায়িত্ব নেন। দীর্ঘ নির্মাণ প্রক্রিয়ার পর ১৭৫২ সালে মন্দিরটির নির্মাণ সম্পন্ন হয়।
মন্দিরটি নবরত্ন স্থাপত্য রীতিতে নির্মিত হয়েছিল। ওপরের অংশে ছিল মোট ৯টি অলংকৃত চূড়া। মন্দিরের দেয়ালে অসংখ্য পোড়ামাটির ফলকে ফুটিয়ে তোলা হয়েছে রামায়ণ, মহাভারত, কৃষ্ণলীলা, যুদ্ধ, শিকার, রাজদরবার আর তৎকালীন মানুষের নানা কর্মকাণ্ডের চিত্র। ১৮৯৭ সালের ভয়াবহ ভূমিকম্পে ৯টি চূড়াই ধ্বংস হয়ে যায়। তবে মূল স্থাপনার বড় অংশ টিকে থাকে। পরে মহারাজা গিরিজানাথ রায় বাহাদুর মন্দিরটির সংস্কার ও পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
জনকল্যাণে রামনাথের আরেক অমর কীর্তি রামসাগর দীঘি। দিনাজপুর সদর উপজেলার তাজপুর গ্রামে অবস্থিত এই বিশাল জলাশয় তাঁর নামেই পরিচিত। ঐতিহাসিকদের মতে, ১৭৫০ থেকে ১৭৫৫ সালের মধ্যে তিনি এই দীঘি খনন করান। সে সময় এলাকায় খরা ও পানির সংকট দেখা দিয়েছিল। মানুষের পানির প্রয়োজন মেটানো আর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্দেশ্যেই দীঘিটি খনন করা হয়।
রামসাগর খননের কাজে প্রায় ১৫ হাজার শ্রমিক অংশ নিয়েছিলেন। জনশ্রুতি রয়েছে, সে সময় প্রায় ৩০ হাজার টাকা ব্যয় হয়েছিল দীঘির খননকাজ শেষ করতে। দীঘির দৈর্ঘ্য প্রায় ১ হাজার ৩১ মিটার আর প্রস্থ প্রায় ৩৬৪ মিটার। বর্তমানে সরকারিভাবে রামসাগরকে জাতীয় উদ্যান ঘোষণা করা হয়েছে। এটি দিনাজপুরের অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
রামনাথের পৃষ্ঠপোষকতায় ১৭৫৪ সালে দিনাজপুর সদর উপজেলার গোপালগঞ্জে প্রাণ গোপাল মন্দির নির্মিত হয়। দিনাজপুর শহর থেকে প্রায় ৬ কিলোমিটার উত্তরে অবস্থিত এই মন্দির রাজপরিবারের ধর্মীয় ও সাংস্কৃতিক পৃষ্ঠপোষকতার আরেকটি নিদর্শন। তিনি দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্রাহ্মণদের আমন্ত্রণ জানিয়ে রাজবাড়ির দক্ষিণ-পূর্ব দিকে রাজারামপুর মৌজায় বসতি স্থাপনের ব্যবস্থা করেছিলেন বলে বাংলাপিডিয়ায় উল্লেখ রয়েছে।
দিনাজপুরের ইতিহাসবিদ মেহরাব আলীর সংরক্ষিত গ্রন্থে রামনাথের শাসনামল নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। দিনাজপুর রাজ দেবোত্তর স্টেটের এজেন্ট শ্রী রঞ্জিত কুমার সিংহ বলেন, রাজা রামনাথের অবদান শুধু একটি রাজপরিবারের গৌরব নয়, এটি দিনাজপুরের ইতিহাস ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হিসেবে আজও জাগ্রত রয়েছে। তবে এসব নিদর্শন তত্ত্বাবধানের অভাবে যাতে বিলীন হয়ে না যায়, সে বিষয়ে সরকারিভাবে সংরক্ষণের দাবি জানিয়েছেন দিনাজপুরবাসীসহ সর্বমহল।
কান্তজিউ মন্দির প্রাঙ্গণে এখন মাসব্যাপী রাস মেলা চলছে। গত ২৪ নভেম্বর রাতে রাস উৎসব ও পূজা অর্চনার মধ্য দিয়ে এবারের মেলা শুরু হয়েছে। রাজবংশের সময় থেকে প্রতি বছর এই মহা উৎসবের আয়োজন হয়ে আসছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন