বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬,
বিশেষ প্রতিবেদন

শিশুর মিথ্যা বলা মানসিক বিকাশেরই অংশ, বলছেন মনোবিজ্ঞানীরা

ফিচার ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৬, ০২:২২ পিএম

শিশুর মিথ্যা বলা মানসিক বিকাশেরই অংশ, বলছেন মনোবিজ্ঞানীরা

প্রতীকী ছবি। ছবি: এআই জেনারেটেড

মিথ্যা বলা মহাপাপ, এই শিক্ষা প্রায় সব শিশুই ঘরে পায়। তারপরও দেয়ালে আঁকাআঁকি করে কিংবা বিস্কুটের কৌটা থেকে বিস্কুট উধাও করে শিশুরা নির্দ্বিধায় দোষ চাপিয়ে দেয় অন্যের ঘাড়ে, কেউ আবার বলে বসে, ভূত খেয়েছে। শুনতে মজার হলেও অনেক মা-বাবার দুশ্চিন্তা, ছোটবেলায় মিথ্যা বললেই বুঝি সন্তান খারাপ হয়ে যাচ্ছে। মনোবিজ্ঞানীদের মতে, বিষয়টি এতটা সরল নয়।

শিশুদের এই আচরণ নিয়ে গবেষণা বলছে, মিথ্যা বলতে শেখা শিশুর মানসিক বিকাশেরই একটি অংশ। মিথ্যা বলার মধ্য দিয়ে শিশুদের মস্তিষ্কে তৈরি হয় কয়েকটি গুরুত্বপূর্ণ দক্ষতা। বিশেষজ্ঞদের ভাষ্য, এটি এমন একটি দক্ষতা যা শিশুরা ধীরে ধীরে শেখে এবং চর্চার মধ্য দিয়ে আরও ভালোভাবে আয়ত্ত করে।

কত ছোট বয়স থেকে শিশুরা বড়দের বিভ্রান্ত করতে শেখে, তা জানলে অবাক হতে হয়। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ব্রিস্টলের এক গবেষণায় দেখা গেছে, প্রায় চার ভাগের এক ভাগ শিশু মাত্র ১০ মাস বয়সের মধ্যেই কোনো না কোনোভাবে প্রতারণামূলক আচরণ শুরু করে। অর্থাৎ এক বছর বয়স পূর্ণ হওয়ার আগেই অন্যের চোখে ধুলো দেওয়ার মতো আচরণ শিশুদের মধ্যে দেখা যায়।

দুই বছর বয়সে এই আচরণ আরও স্পষ্ট হয়। মা-বাবার কথা না শোনার ভান করা, কোনো কাজ করে ফেলার পর তা অস্বীকার করা কিংবা নিষেধ করা কোনো কাজ গোপনে সেরে ফেলা, এসবই সেই বয়সের চেনা ছবি। আর তিন বছর বয়সে শিশুরা হয়ে ওঠে আরও কৌশলী। তখন তারা শুধু মিথ্যা কথাই বলে না, সত্যের কিছু অংশ বেছে বেছে গোপন রাখতেও শিখে যায়।

এই আচরণের পেছনে রয়েছে একটি গুরুত্বপূর্ণ মানসিক দক্ষতা, যার নাম থিওরি অব মাইন্ড। সহজ করে বললে, অন্য মানুষ কী ভাবছে বা কী অনুভব করছে, তা বুঝতে পারার ক্ষমতাই এটি। শিশুরা ধীরে ধীরে বুঝতে শেখে, নিজের মনের ভাবনা আর অন্য মানুষের ভাবনা এক নয়। নিজের জানা তথ্য যে অন্যের জানা নেই, এই বোধ তৈরি হওয়ার পরই সত্য গোপন করা বা বানিয়ে বলা সম্ভব হয়।

তবে মিথ্যা বলার সব কারণই বিকাশের ধাপ নয়। অনেক সময় এর পেছনে কাজ করে ভয়। কোনো ভুল করে ফেললে মা-বাবা কষ্ট পাবেন, রাগ করবেন, হতাশ হবেন কিংবা মারধর জুটতে পারে, এমন আশঙ্কা থেকেও শিশুরা সত্য লুকিয়ে ফেলে। আবার যাদের যত্নে শিশু বড় হয়, সেই মানুষগুলোর সঙ্গে সম্পর্ক ধরে রাখার ইচ্ছা থেকেও মিথ্যা আসতে পারে। কারণ ছোটবেলায় শিশু পুরোপুরি তাদের ওপরই নির্ভরশীল।

তাহলে সন্তান মিথ্যা বললে মা-বাবার করণীয় কী? বিশেষজ্ঞদের পরামর্শ, প্রথমে বকাঝকা বা চিৎকার না করে এমন পরিবেশ তৈরি করতে হবে, যাতে শিশু ভুল করলেও নির্ভয়ে সত্যি কথা বলতে পারে। সত্য বললে শাস্তি মিলবে না, এই আশ্বাস পেলে শিশুর লুকানোর প্রয়োজন কমে আসে।

যুক্তরাজ্যের একটি টেলিভিশন অনুষ্ঠানের বিজয়ী র্যাচেল ডাফি নিজের অভিজ্ঞতার কথা বলেছেন। তাঁর বড় ছেলে একবার ছোট ভাইয়ের সাইকেল নিয়ে চালাতে গিয়ে একটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়, সাইকেলটি ভেঙে যায়। প্রথমে সে ঘটনাটি অস্বীকার করে। মা তাকে বলেন, সত্যি কথা বললে খুব বেশি বকাঝকা করা হবে না। এক পর্যায়ে ছেলেটি নিজেই সব স্বীকার করে নেয়। পরে বিষয়টি নিয়ে শান্তভাবে কথা হয়, কোনো রাগারাগি ছাড়াই।

বিশেষজ্ঞদের মতে, শিশুর সঙ্গে খোলামেলা আলোচনা এবং তার অনুভূতিকে গুরুত্ব দেওয়ার মধ্য দিয়ে অন্যের প্রতি সহমর্মিতাও তৈরি হয়। তাই সন্তান মিথ্যা বললেই তাকে খারাপ শিশু ভেবে বসা ঠিক নয়। বরং সে কেন মিথ্যা বলছে, তার কারণটি খুঁজে বের করাই মা-বাবার প্রথম কাজ। মিথ্যা বলা মহাপাপ, এই শিক্ষার পাশাপাশি সত্য বলার নিরাপদ পরিবেশটুকুও শিশুর প্রাপ্য।