বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬,
বিশ্ব সংবাদ

১৯ হাজার চ্যানেল সরানোয় গুগলের ব্যাখ্যা চায় ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৬, ০১:৪১ পিএম

১৯ হাজার চ্যানেল সরানোয় গুগলের ব্যাখ্যা চায় ইন্দোনেশিয়া

গুগলের কার্যালয়। ছবি: উইকিমিডিয়া কমন্স

সরকারের প্রতি সমর্থনমূলক ১৯ হাজারের বেশি ইউটিউব চ্যানেল সরিয়ে দেওয়ায় গুগলের কাছে লিখিত ব্যাখ্যা চেয়েছে ইন্দোনেশিয়া। দেশটির ডিজিটাল মন্ত্রণালয় বলছে, এত বিপুলসংখ্যক চ্যানেল এক প্রান্তিকে সরানোর এই পদক্ষেপ নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে।

শুক্রবার (২০ নভেম্বর) জাকার্তায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ব্যাখ্যা চাওয়া হয়। এর আগের দিন গুগল ইন্দোনেশিয়া ও ইউটিউবের দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে মন্ত্রণালয়। বৈঠকে গুগলের প্রতিনিধিরা স্বীকার করেন, তাদের প্রতিবেদনে যথেষ্ট ব্যাখ্যা ছিল না এবং বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা হওয়ার সুযোগ রয়েছে।

গুগল প্রতি তিন মাসে অনলাইনে সমন্বিতভাবে জনমত প্রভাবিত করার তৎপরতা নিয়ে তদন্তের প্রতিবেদন প্রকাশ করে। গত ৩০ অক্টোবর প্রকাশিত তৃতীয় প্রান্তিকের প্রতিবেদনে বলা হয়, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইন্দোনেশিয়ার সঙ্গে সম্পর্কিত ১৯ হাজার ৩৭২টি ইউটিউব চ্যানেল বন্ধ করা হয়েছে। গুগলের ভাষ্য, চ্যানেলগুলোতে দেশটির সরকার ও প্রশাসনকে সমর্থন করা হতো, কয়েকটি আবার সরকারের সমালোচকদের আক্রমণ করত।

এই প্রতিবেদনে চীন, ভারতসহ বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্কিত অ্যাকাউন্ট বন্ধের তথ্যও থাকে। প্রতিষ্ঠানটির দাবি, পরিকল্পিতভাবে জনমত ঘোরানোর চেষ্টা ঠেকাতেই নিয়মিত এমন পদক্ষেপ নেওয়া হয়। তবে এবারের প্রতিবেদনে কোন কোন অ্যাকাউন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, ঠিক কোন নিয়ম ভাঙা হয়েছে কিংবা এসব প্রচারণা ইন্দোনেশিয়ার সঙ্গে কীভাবে যুক্ত, তার সুনির্দিষ্ট ব্যাখ্যা ছিল না। মন্ত্রণালয় আগের দিনের এক বিবৃতিতে এই অস্পষ্টতার কথাই তুলে ধরেছিল।

ওই প্রান্তিকে বিশ্বজুড়ে সরানো চ্যানেলের প্রায় অর্ধেকই ছিল ইন্দোনেশিয়ার সঙ্গে সম্পর্কিত। তালিকায় এরপরই ছিল চীন ও রাশিয়া। আগের দুই প্রান্তিকের তুলনায় এই সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। তবে চ্যানেলগুলো কারা পরিচালনা করত বা কোথা থেকে অর্থ আসত, তা গুগল জানায়নি।

মন্ত্রণালয় জানতে চেয়েছে, কোন মানদণ্ড ধরে চ্যানেলগুলো চিহ্নিত করা হয় এবং সিদ্ধান্ত নেওয়ার আগে সেগুলো কীভাবে পর্যালোচনা করা হয়। শনাক্তের ফল কতটা নির্ভুল, তা মাপার নিয়ম ও ভুলের হার জানাতেও বলা হয়েছে। নির্মাতা বা পরিচালনাকারীরা ইন্দোনেশিয়ার নাকি অন্য দেশের, গুগল কীভাবে তা নির্ধারণ করে, সেটিও জানতে চায় জাকার্তা।

ডিজিটাল মন্ত্রণালয়ের ডিজিটাল পরিসর তত্ত্বাবধান মহাপরিদপ্তরের সচিব মেদিওদেচি লুস্তারিনি বলেন, গুগলের কাছে উদাহরণসহ লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। কোন মানদণ্ডে অ্যাকাউন্টগুলো চিহ্নিত করা হয় এবং কীভাবে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, তা বিস্তারিত জানতে চায় মন্ত্রণালয়।

মেদিওদেচি লুস্তারিনি আরও বলেন, এই শনাক্তের সক্ষমতা অনলাইন জুয়া প্রচারকারী ও পর্নোগ্রাফি ছড়ানো অ্যাকাউন্টের নেটওয়ার্কের বিরুদ্ধেও প্রয়োগ করতে গুগল ও ইউটিউবকে অনুরোধ জানানো হয়েছে।

গুগলের এক মুখপাত্র বলেন, নিজেদের প্ল্যাটফর্ম সুরক্ষিত রাখতে সমন্বিতভাবে জনমত প্রভাবিত করার তৎপরতা বিশ্বজুড়েই নিয়মিত ঠেকায় প্রতিষ্ঠানটি। চ্যানেলে প্রকাশিত রাজনৈতিক মত যা-ই হোক, সবার ক্ষেত্রে একইভাবে নীতি প্রয়োগ করা হয় বলেও জানান তিনি। বৈঠকে প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা ইউটিউবের স্প্যাম নীতিকে এসব অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থার ভিত্তি হিসেবে উল্লেখ করেন। তবে চ্যানেল বাছাইয়ের নির্দিষ্ট মানদণ্ড নিয়ে তাৎক্ষণিক কোনো ব্যাখ্যা দেয়নি গুগল। লিখিত জবাবের আগে প্রতিবেদন তৈরির দায়িত্বে থাকা বৈশ্বিক দলের সঙ্গে সমন্বয় করতে হবে বলে বৈঠকে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ঘটনার পটভূমিতে রয়েছে প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর জনপ্রিয়তা কমার তথ্য। গত বছরের নভেম্বরে তাঁর কাজের প্রতি সমর্থন ছিল প্রায় ৮০ শতাংশ। এ বছরের জুলাইয়ে তা নেমে আসে ৫১ শতাংশে। দেশটির অর্থনীতির অবস্থা ও প্রেসিডেন্টের প্রধান সামাজিক কর্মসূচি নিয়ে জনমনে অসন্তোষ বেড়েছে বলে মনে করা হচ্ছে।